Rajya Sabha oath ceremony
Bengal Liberty, Kolkata :
.জাতীয় রাজনীতির মঞ্চে বাংলার প্রতিনিধিত্বে এল নতুন সংযোজন Rajya Sabha oath ceremony। রাজ্যসভায় শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন একাধিক গুরুত্বপূর্ণ মুখ। প্রশাসন, আইন ও রাজনীতির ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা প্রতিনিধিরা বাংলাতেই শপথ নিয়ে আঞ্চলিক পরিচয় ও জাতীয় দায়িত্ব একসঙ্গে বহন করার বার্তা দিলেন।
সোমবার সংসদ ভবনে রাজ্যসভার নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত সাংসদরা। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য থেকে মোট ১৯ জন সাংসদ এই দিনে শপথ নেন। বাংলার প্রতিনিধিত্বকারী সদস্যরা বাংলাতেই শপথ গ্রহণ করে নজর কাড়েন।

রাজীব কুমার
প্রাক্তন ডিজিপি রাজীব কুমার এর রাজনৈতিক যাত্রার সূচনা হল রাজ্যসভা দিয়ে। দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা এবার তিনি সংসদীয় কাজে ব্যবহার করবেন বলে মনে করা হচ্ছে। তাঁর মনোনয়ন ঘোষণার সময়ই রাজনৈতিক মহলে চমক তৈরি হয়েছিল। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা তাঁকে সংসদে গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে তুলে ধরতে পারে বলেই ধারণা।
মেনকা গুরুস্বামী
দেশের অন্যতম প্রভাবশালী আইনজীবী মেনকা গুরুস্বামীও এদিন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। সুপ্রিম কোর্টে তাঁর কাজ এবং সংবিধানিক বিষয়ে দক্ষতা তাঁকে সংসদে একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি হিসেবে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। আইন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে তাঁর ভূমিকা ভবিষ্যতে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে।

বাবুল সুপ্রিয়
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়( Babul Supriyo) আবারও সংসদে প্রবেশ করলেন, তবে এবার রাজ্যসভার সদস্য হিসেবে। লোকসভা থেকে রাজ্যসভায় তাঁর এই পরিবর্তনকে অনেকেই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি সংসদে সক্রিয় ভূমিকা নেবেন বলেই প্রত্যাশা।
রাহুল সিনহা
একাধিক নির্বাচনে পরাজয়ের পর অবশেষে রাজ্যসভার মাধ্যমে সাংসদ হিসেবে নতুন ইনিংস শুরু করলেন রাহুল সিনহা । দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও এই প্রথমবার তিনি সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাজ্যসভায় তাঁর প্রবেশ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিজেপির রাজ্য রাজনীতিতে কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে বাংলায় সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কোয়েল মল্লিক
রাজনীতির মঞ্চে নিজের ইনিংস রাজকীয়ভাবে শুরু করলেন এই জনপ্রিয় অভিনেত্রী। এদিন রাজ্যসভায় লাল পাড় সাদা শাড়িতে নিয়মনিষ্ঠা মেনে শপথবাক্য পাঠ করেন কোয়েল। কোয়েল মল্লিকের শাসকদলে যোগদান জনসাধারণ খুব একটা ভালো ভাবে নেয়নি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সব জায়গাতেই বেশ নেতিবাচক সাড়া মিলেছে। শাসক দলের কর্মকাণ্ডের জন্যই ট্রলের শিকার হতে হয়েছে কোয়েলকে।
৫ মার্চ মনোনয়ন জমা দেওয়ার পর ৯ মার্চ তাঁদের জয় নিশ্চিত হয়। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন এই ইনিংসে তাঁদের পারফরম্যান্সই ঠিক করবে, বাংলার কণ্ঠ কতটা জোরালোভাবে প্রতিফলিত হবে দেশের সংসদে।

