FIFA world cup
Bengal Liberty, ১২ মে ২০২৬ :
আজ ১২ মে, ঠিক এক মাসের ব্যবধানে ১২ জুন থেকে শুরু হচ্ছে “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ” ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবলের বিশ্বযুদ্ধ (FIFA world cup)। মেসি থেকে রোনাল্ডো কিংবা এমবাপে— বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের পায়ের জাদুতে সম্মোহিত হওয়ার জন্য তৈরি গোটা বিশ্ব। গোটা বিশ্বের পাশাপাশি ভারতের জনতাও ফিফা বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থা ভালো না হলেও ভারতের কোটি কোটি ফুটবল সমর্থক নিজেদের দলকে সমর্থন করার জন্য বদ্ধপরিকর। কিন্তু আদৌ কি ফিফা বিশ্বকাপ ভারতে সম্প্রচার হবে? এই নিয়েই তুঙ্গে জল্পনা। আর জল্পনার মাঝেই এবার সরাসরি বিশ্বকাপের সম্প্রচার নিয়ে কোর্টের হস্তক্ষেপে বিষয়টির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

কোর্টের হস্তক্ষেপ FIFA world cup
বিশ্বকাপ সম্প্রচারকে কেন্দ্র করে দিল্লির হাই কোর্টে কয়েকজন ফুটবলপ্রেমী আদালত পর্যন্ত পৌঁছে গিয়ে মামলা দায়ের করেছেন। আর তারপরই কোর্টের কড়া পদক্ষেপ। তাঁদের জন্য সুখবর দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালতের তরফ থেকে নোটিস দেওয়া হয়েছে কেন্দ্র এবং প্রসার ভারতীকে। দিল্লি হাই কোর্টের নির্দেশ, দূরদর্শন এবং ডিডি স্পোর্টসে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করতে হবে।

বেনজির সংঘাত :
“ফুটবলপ্রেমীদের প্রশ্ন, একটা আইপিএল ম্যাচের ভ্যালু ৪০০ কোটি টাকা, সময়ের আগেই ক্রিকেটের স্বত্ব বিক্রি হয়ে যায়। তাহলে কেন ফিফা বিশ্বকাপের স্বত্ব আগে থেকে বিক্রি হবে না? এত প্রাইভেট চ্যানেল থাকতে কেনই বা প্রসার ভারতীতে খেলা সম্প্রচার হবে? কেন আমাদের কোর্টে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে?”
জটিলতার কারণ :
সূত্রের খবর, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভারতের জন্য ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিলেন। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি।
বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্বের দাম নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থার বদল হয়নি। কারণ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচের সময় হয় রাত ১২:৩০, নয় সকাল ৬টা। এই সময়ে বিজ্ঞাপন সংস্থাগুলো বিজ্ঞাপন দিতে রাজি হচ্ছে না। সেই কারণেই বিজ্ঞাপনের বাজারমূল্য কমে যাচ্ছে আর ৯৩০ কোটি টাকা দিয়ে কোনও চ্যানেলই স্বত্ব কিনতে নারাজ এমনকি দাম কমিয়েও কোনো ইতিবাচক সারা মেলেনি।
তবে এই প্রথম নয়। এর আগেও কোপা আমেরিকার সময়েও একই জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন একাধিক থার্ড পার্টি ওয়েবসাইট থেকেই ফুটবলপ্রেমীদের কাজ চালাতে হয়েছিল। ঠিক একই কারণে লা লিগা, সিরি আ এবং ফ্রেঞ্চ লিগ ভারতে সম্প্রচার করেও বিশেষ কোনও দর্শক টানতে পারেনি।
শেষ অবধি কি বিশ্বকাপের ভারতে সম্প্রচারের ভবিষ্যৎ নিশ্চিত হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
