SSC Tainted Candidate
Bengal Liberty, ১৩ মে :
দীর্ঘদিনের আইনি লড়াই এবং নিয়োগ দুর্নীতিকে ঘিরে তীব্র বিতর্কের পর এবার বড় প্রশাসনিক পদক্ষেপের পথে রাজ্যের নতুন সরকার (SSC Tainted Candidate)। ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো ‘অযোগ্য’ বা ‘টেন্টেড’ প্রার্থীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত বেতন সুদ সহ ফেরত দিতে হবে। সেই নির্দেশ কার্যকর করতেই এবার জেলায় জেলায় নড়েচড়ে বসেছে প্রশাসন (SSC Tainted Candidate)

জেলাশাসকদের রিপোর্ট তলব (SSC Tainted Candidate)
শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিভিন্ন জেলায় সরকারি চিঠিও পৌঁছে গিয়েছে। আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করতে এবং বেতন পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, আগের সরকার আদালতের নির্দেশ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলেও বাস্তবে বেতন ফেরতের প্রক্রিয়া কার্যকর হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা অনেকটাই বেড়েছে বলে শিক্ষা দফতর সূত্রে দাবি।

কারা ফেরত দেবেন বেতন? (SSC Tainted Candidate)
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধুমাত্র সেই সব চাকরিপ্রার্থীদের কাছ থেকেই বেতন ফেরত নেওয়া হবে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে ওএমআর শিটে কারচুপি, বেআইনিভাবে মেধাতালিকায় র্যাঙ্ক বৃদ্ধি, নম্বর বিকৃতি-সহ একাধিক অনিয়ম। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেআইনিভাবে প্রাপ্ত বেতন ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে হবে। যদিও পরে সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে কিছু ক্ষেত্রে নমনীয় অবস্থান নেয়। বিশেষভাবে সক্ষম শিক্ষক ও শিক্ষা কর্মীদের ক্ষেত্রে বেতন ফেরত সংক্রান্ত বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্বচ্ছতা ফেরানোর বার্তা সরকারের (SSC Tainted Candidate)
রাজ্যে নতুন সরকার গঠনের পরই শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফেরানোর বার্তা দিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরই ২০১৬ সালের বিতর্কিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআইয়ের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীদের ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই ২০১৬ সালের তৃতীয় এসএলএসটি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
