NEET Paper Leak
Bengal Liberty, ১৬ মে:
মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য (NEET Paper Leak)। মহারাষ্ট্রের লাতুরের এক অবসরপ্রাপ্ত অধ্যাপক, পিভি কুলকার্নিকে এই গোটা দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বা মূল মাথা হিসেবে চিহ্নিত করেছে সিবিআই (NEET Paper Leak)। শুক্রবার তাঁকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে ভয়ংকর তথ্য!

কে এই অধ্যাপক কুলকার্নি? (NEET Paper Leak)
মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা পিভি কুলকার্নি পুণের একটি নামী কলেজের রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক। প্রতিবেশী বা ছাত্রদের কাছে তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তবে তদন্তে জানা গেছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রশ্নপত্র তৈরির কোনো একটি প্রক্রিয়ার সঙ্গে তিনি গোপনে যুক্ত ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতিয়ে নেন তিনি।
গোপন কোচিং ও ‘হাতে লেখা’ প্রশ্নপত্রের রহস্য
তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই জালিয়াতির ছক সাজানো হয়েছিল। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অধ্যাপক কুলকার্নি তাঁর সহযোগী মনীষা ওয়াঘমারেকে নিয়ে একদল পড়ুয়া জোগাড় করেন। এবং নিজের বাড়িতেই চলত গোপন কোচিং। তবে সেখানে কোনো ছাপানো কাগজ বা মোবাইল ব্যবহার করা হতো না। জানা গেছে অধ্যাপক ছাত্রদের মুখে মুখে প্রশ্ন বলতেন এবং ছাত্ররা তা খাতায় লিখে নিত। মাল্টিপল চয়েস অপশন ও সঠিক উত্তরও বলে দেওয়া হতো সেখানে। সম্প্রতি যে হাতে লেখা প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তার হাতের লেখার সঙ্গে কুলকার্নির ক্লাসের ছাত্রদের হাতের লেখা মিলে গিয়েছে বলে দাবি সিবিআইয়ের।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল জালিয়াত চক্র (NEET Paper Leak)
তদন্তে দেখা গেছে, এই দুর্নীতির জাল মহারাষ্ট্রের নাসিক থেকে রাজস্থানের সীকর এবং হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। প্রসঙ্গত, গত ৩ মে নিট হয়। এবং পরীক্ষা হওয়ার পর ৭ মে প্রশ্ন ফাঁসের বিষয়টি জানাজানি হয়। এরপরই এনটিএ পরীক্ষা বাতিল ঘোষণা করে এবং তদন্তভার নেয় সিবিআই। পরবর্তীতে সিবিআই এই মামলায় রাজস্থান, হরিয়ানা ও মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই মনীষা ওয়াঘমারেসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন আয়ুর্বেদিক চিকিৎসকও রয়েছেন।
সবমিলিয়ে সিবিআই এখন খতিয়ে দেখছে, এনটিএর ভেতরে আর কার কার সঙ্গে যোগাযোগ ছিল এই অধ্যাপকের। কীভাবে অতি-গোপনীয় প্রশ্নপত্র তাঁর হাতে পৌঁছাল, তা জানতে কুলকার্নিকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
