Swapna Barman
Bengal Liberty, ১৬ মে :
দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতে একসময় বাংলার গর্ব হয়ে উঠেছিলেন স্বপ্না বর্মন (Swapna Barman)। সেই স্বপ্না বর্মনই এবার ২৬ এর বিধানসভা নির্বাচনে পরাজিত। বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হওয়ার পর শুক্রবার জলপাইগুড়িতে তাঁর পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার পর স্থানীয়দের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে স্বপ্না দাবি করেন, রাজনীতিতে আসাটাই তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর অভিযোগ, একসময় পাশে থাকা মানুষজনও এখন আর সাহায্যের জন্য এগিয়ে আসছেন না (Swapna Barman)।

ঘটনার বৃত্তান্ত (Swapna Barman)
শুক্রবার জলপাইগুড়ির পাতাকাটা ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের পুরনো বাড়ির পাশে জ্বালানির কাঠ রাখার জায়গায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ও দমকলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল শুরু করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তবে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, স্বপ্না বর্মনের দুই ভাই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকায় শান্তি ফিরবে না। এমনকি, আগুন লাগানোর ঘটনাতেও তাঁদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন এলাকার কিছু মানুষ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

স্বপ্না বর্মনের বক্তব্য (Swapna Barman)
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন স্বপ্না বর্মন। সেখানে তিনি লেখেন, “আগে যদি জানতাম এমনটা হবে, তাহলে সত্যিই রাজনীতিতে আসতাম না। আজ আমার বাড়িটাও জ্বালিয়ে দিল।” পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বপ্না বলেন, রাজনীতিতে আসাটাই তাঁর ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর অভিযোগ, বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও স্থানীয় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। স্বপ্নার কথায়, “এরা সবাই আমাকে হিংসা করে। দু’দিন আগেও এই মানুষগুলো আমার সঙ্গে ছিল। ভোটে হেরে যেতেই দেখলাম কেউ পাশে নেই। রাতারাতি সব বদলে গেল।”
রেলের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন স্বপ্না বর্মন। তবে নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর থেকেই এলাকায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। এবার বাড়িতে আগুন লাগার ঘটনায় সেই বিতর্ক আরও তীব্র হল।
