Chandranath Rath murder case
Bengal Liberty, নিজস্ব সংবাদদাতা: নিহত চন্দ্রনাথ রথের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার তাঁর বাড়িতে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।সেখানে গিয়ে প্রথমেই প্রয়াত চন্দ্রনাথ রথের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে সামনে পেয়েই কান্নায় ভেঙে পড়েন চন্দ্রনাথের মা হাসি রানী রথ। ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রাখার কথাও জানান তিনি।

দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হাসিরাণী রথ (Chandranath Rath murder case)
পরিবার সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছতেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। চন্দ্রনাথের মা হাসি রানী রথ বলেন, “উনি যে আমার বাড়িতে এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। আমার ছেলেকে মনে রেখেছেন। অনেকেই ক্ষমতা বা পদ পাওয়ার পর সব ভুলে যায়, কিন্তু উনি এসেছেন, আমাদের সঙ্গে কাঁদছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসি রানী রথের দাবি, তাঁর ছেলে আগে থেকেই হুমকির মুখে ছিল। নিরাপত্তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল, কিন্তু চন্দ্রনাথ তা গুরুত্ব দেননি। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি নিরাপত্তার কথা বলেছিলেন। কিন্তু আমার ছেলে অবহেলা করে নিরাপত্তা নেয়নি। আজ তারই এমন পরিণতি হলো।”
Suvendu Adhikari: ছুটির দিনেও ছুটিতে নেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #bjpwestbengal #Nandigram #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/Sefx1hyIZN
— Bengal Liberty (@bengalliberty1) May 17, 2026

চন্দ্রনাথ রথ খুনে সিবিআই তদন্তে বাড়ছে জল্পনা (Chandranath Rath murder case)
চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির উপর আস্থা রেখে নিহতের পরিবার আশা প্রকাশ করেছে, সত্য সামনে আসবে এবং প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে। হাসি রানী রথ বলেন, “সিবিআই তদন্ত করছে। তদন্ত এগোলে আমরা সব জানতে পারব। আমরা শুধু চাই, যারা আমার ছেলেকে মেরেছে তাদের কঠোর শাস্তি হোক।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজনৈতিক ইঙ্গিতও দেন। তাঁর দাবি, “হয়তো ভবানীপুরের হারটা মানতে পারেনি মাননীয়া, সেই কারণেই আমার ছেলেকে খুন হতে হয়েছে।” যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chandranath Rath murder case)
মুখ্যমন্ত্রীও পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই চন্দ্রনাথ রথকে প্রাণ হারাতে হয়েছে। অন্যদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারী সংস্থাগুলি।
চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে এলাকায় ব্যাপক ভিড় জমে। স্থানীয় বাসিন্দাদের একাংশও পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
