storm damage
Bengal liberty desk,17 মে :
ভোররাতের আচমকা বিধ্বংসী ঝড় ও ভারী বৃষ্টিতে তছনছ দক্ষিণ দিনাজপুর। ঝড়ের তাণ্ডবে জেলার বিদ্যুৎ পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। গাছ উপড়ে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিদ্যুৎ দফতর।(storm damage)

ক্ষয়ক্ষতির খতিয়ান: তপনে সবথেকে বেশি প্রভাব storm damage
প্রাথমিক হিসেব অনুযায়ী, জেলার বিভিন্ন প্রান্তে প্রায় ২৫০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, তপন ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক। বালুরঘাট এবং গঙ্গারামপুর ব্লকেও ব্যাপক পরিকাঠামোগত ক্ষতি হয়েছে।গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বহু গ্রাম এখন বিদ্যুৎহীন।

পরিষেবা ফেরাতে বড় চ্যালেঞ্জ:
একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে জেলার একাধিক জায়গায় একসঙ্গে ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ পরিষেবা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ পর্ষদের কাছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। ভেঙে পড়া খুঁটি সরানো এবং ছিঁড়ে যাওয়া তার মেরামতের কাজ জোরকদমে চলছে। বিদ্যুৎ লাইনের পুনর্গঠনের জন্য বিভিন্ন ব্লকে ভাগ হয়ে কাজ করছেন কর্মীরা।
বিপর্যস্ত জনজীবন:
বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বহু গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে WBSEDCL দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে ক্ষতির পরিমাণ বিশাল হওয়ায়, সম্পূর্ণ পরিষেবা ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে বলে বিদ্যুৎ দফতর জানিয়েছে।
