melodi
Bengal liberty desk, 20 মে :
পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে ইতালিতে পা রাখতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ‘বন্ধু’ জর্জিয়া মেলোনি। রোমে নেমেই মঙ্গলবার রাতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারেন মোদী। এরপর দুই রাষ্ট্রপ্রধানকে একসঙ্গে দেখা যায় রোমের ঐতিহাসিক ‘কলোসিয়াম’ ভ্রমণে। সেখানেই কলোসিয়ামকে সাক্ষী রেখে মেলোনি ও মোদী একটি নিজস্বী (Modi Meloni) পোস্ট করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

উপহারে কূটনীতির ছোঁয়া:
দুই নেতার এই বন্ধুত্বপূর্ণ রসায়নকে নেটিজেনরা মজা করে ‘মেলোডি’ (Modi + Meloni) নাম দিয়েছেন। এই রসায়নকে আরও মিষ্টি করতে মোদী মেলোনির হাতে তুলে দেন এক প্যাকেট ‘পার্লে মেলোডি’ চকোলেট। উপহার পেয়ে আপ্লুত মেলোনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদী খুব ভালো একটি টফি এনেছেন, ধন্যবাদ!” এই সামান্য উপহারের পেছনেও লুকিয়ে রয়েছে দুই দেশের গভীর ও সহজ বন্ধুত্বের বার্তা।
.
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
সফরের গুরুত্ব ও বিশেষ আলোচনা:
২০২৪-এর জি-৭ সম্মেলনের পর এটাই মোদীর প্রথম ইতালি সফর। এবারের সফরের মূল লক্ষ্যগুলো হলো,
ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে বিশেষ আলোচনা। ২০২৩ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১,৪০০ কোটি ইউরো, যা ২০২৯ সালের মধ্যে ২,০০০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে। প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, সামুদ্রিক পরিবহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্কৃতির মেলবন্ধন:
সফরে ইতালীয় চিত্রশিল্পী জিয়াম্পাওলো তোমাসেত্তির সঙ্গেও দেখা করেন মোদী। ওই শিল্পী প্রধানমন্ত্রীকে বারাণসীর একটি সুন্দর ছবি উপহার দেন। তোমাসেত্তি গত কয়েক দশক ধরে মহাভারত ও বৈদিক সংস্কৃতির ওপর ছবি এঁকে চলেছেন, যার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নরওয়ে থেকে শুরু হওয়া এই সফর ইতালিতে এসে এক নতুন উচ্চতা পেল। আজ বুধবার মেলোনি ছাড়াও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে বৈঠক করবেন মোদী। ভারত-ইতালির এই বন্ধুত্ব যে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা নেবে, তা স্পষ্ট।
