Suman Biswas
Bengal Liberty, ২৫ মে :
“কিন্তু আমাদের হাতে সময় খুবই কম”-জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর এমনই বার্তা দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক এবং আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas)। সোমবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুমনের কথায় যেমন ছিল সংযমের সুর, তেমনই ছিল দ্রুত সমাধানের আর্জি। তিনি স্পষ্ট জানান, আন্দোলনকারীরা সরকারকে অযথা চাপে ফেলতে চান না, তবে অনিশ্চয়তার দীর্ঘ অপেক্ষা আর টেনে নেওয়ার অবস্থাতেও তাঁরা নেই (Suman Biswas)। তিনি বলেন, “আমরা সঠিক পথে আছি, সরকারকে অকারণে ডিস্টার্ব করব না… কিন্তু আমাদের হাতে সময় খুব কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের যেন একটু কনফিডেন্স দেন।”

তৃণমূল সরকারের কঠোর সমালোচনা (Suman Biswas)
চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস এ দিন সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে অতীতে শুধুই “মিথ্যা প্ল্যান” এবং “এ-বি-সি-ডি ভাষণ” শোনানো হয়েছিল চাকরিহারাদের। সেই প্রসঙ্গ টেনেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আলাদা প্রত্যাশার কথা তুলে ধরেন সুমন। সুমনের কথায়, “নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মিথ্যা প্ল্যান এবং এ-বি-সি-ডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরেই স্বপ্নের, সত্যির, বেঁচে থাকার এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন। চাকরিহারাদের কনফিডেন্সে নিন, বাংলার মানুষকে আশ্বস্ত করুন।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দীর্ঘ আন্দোলনের পর চাকরিহারাদের এখন আর আশ্বাস নয়, প্রয়োজন স্পষ্ট পদক্ষেপ এবং দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান।

চাকরিপ্রার্থীদের নজিরবিহীন ভিড় (Suman Biswas)
‘জনতার দরবার’ ঘিরে আজ, সোমবার সকাল থেকেই সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরের সামনে উপচে পড়ে ভিড়। চাকরিপ্রার্থী থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ, বহু মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে এবং নিরাপত্তার স্বার্থে একসময় বিজেপি দপ্তরের মূল ফটক বন্ধ করে দিতে হয়। উল্লেখ্য, গত সোমবার প্রথমবার চালু হয়েছিল ‘জনতার দরবার’। সেই দিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভাব-অভিযোগ এবং দাবি তুলে ধরেন। প্রথম দিনেই বিপুল জনসমাগম ও সাড়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে প্রতি সোমবার দলীয় কার্যালয়ে এই ‘জনতার দরবার’ আয়োজন করবেন মুখ্যমন্ত্রী।


