arrest Dipankar Bhattachejee
Bengal Liberty, Kolkata:
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার হলেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Baduria Municipality Chairman Case)। দীর্ঘ প্রায় একদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকাজুড়ে।

সরকারি ত্রিপল উদ্ধার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বাদুড়িয়ার একটি পার্টি অফিস এবং একটি বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই সিপিএম এবং বিজেপি পক্ষ থেকে বাদুড়িয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।
এরপর রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযোগ, দীপঙ্কর ভট্টাচার্যের আরও একটি গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি সেখান থেকেও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সরকারি ত্রিপল। পুলিশ সূত্রের দাবি, সরকারি সামগ্রী বেআইনি ভাবে মজুত রাখা এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা জানান, পুলিশি তৎপরতার খবর পেয়েই আত্মগোপনের চেষ্টা করেছিলেন পৌরপ্রধান। অবশেষে একটি হোটেলের গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে জামাকাপড় ভর্তি দুটি ব্যাগ এবং প্রয়োজনীয় ওষুধপত্র ছিল। তদন্তকারীদের অনুমান, দীর্ঘ সময়ের জন্য গা ঢাকা দেওয়ার পরিকল্পনাই করেছিলেন তিনি।

নেপথ্যে বড় মাথার খোঁজ
ঘটনার পর থেকেই বাদুড়িয়া জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, সরকারি সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বদলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মজুত করা হচ্ছিল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দীপঙ্কর ভট্টাচার্যের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ধৃত পৌরপ্রধানকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের খবর। উদ্ধার হওয়া টাকা ও সরকারি সামগ্রীর উৎস খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

