Kunal Ghosh
Bengal Liberty, ২৬ মে :
বাংলার রাজনীতি থেকে ক্রীড়ামহল, সর্বত্রই এখন সন্দিহান কুণাল ঘোষের সিদ্ধান্তে (Kunal Ghosh)। ভোটের উত্তাপ মিটতে না মিটতেই এবার ময়দান ছাড়লেন কুণাল ঘোষ । শতাব্দীপ্রাচীন ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের সহ-সভাপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তাঁর এই পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সবুজ-মেরুন শিবিরে। যদিও তাঁর সিদ্ধান্তের সাথে কোনও রাজনৈতিক যোগ নেই এই দাবি করে আগেভাগেই হাত তুলে দিয়েছেন বেলেঘাটার বিধায়ক (Kunal Ghosh)।

জল্পনায় জল ঢেলে ব্যক্তিগত কারণ দর্শালেন কুণাল (Kunal Ghosh)
আজ, মঙ্গলবার নিজের ইস্তফাপত্রটি জনসমক্ষে এনে যাবতীয় জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কুণাল। ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট শেয়ার করে তিনি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে, এই অভাবনীয় সিদ্ধান্তের নেপথ্যে কোনও রাজনৈতিক চাপ বা ক্লাবের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিন্দুমাত্র ছায়া নেই। সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত কারনেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেছেন। ২৫ মে, ২০২৬-এর এই বার্তাকেই চূড়ান্ত ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করার আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ, যা ময়দানের সমীকরণে এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

আবেগ, নস্টালজিয়া এবং আজীবন সমর্থকের প্রতিশ্রুতি (Kunal Ghosh)
পদ ছাড়লেও সবুজ-মেরুন আবেগের সঙ্গে তাঁর নাড়ির টান যে আজও অটুট, তা স্পষ্ট হয়েছে পোস্টে। বাল্য ও কৈশোর থেকে মোহনবাগানের সঙ্গে তাঁর যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তার স্মৃতিচারণ করে কুণাল ফিরে গিয়েছেন সেই অতীত দিনে, যখন ক্লাবের চরম দুর্দিনে, সাসপেনশনের খাঁড়া ঝুলতে থাকা অবস্থায় সমর্থকদের পাশে দাঁড়িয়ে এআইএফএফ দপ্তরের সামনে বুক চিতিয়ে আন্দোলন করেছিলেন তিনি। ১৯৮৫ সালে, সবান্ধবে মোহনবাগান মাঠের এবং ২০২৫ সালে স্কটল্যান্ডের দুটি ছবি তিনি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।

কী লিখেছেন কুণাল চিঠিতে? (Kunal Ghosh)
দু’দফায় সহ-সভাপতির আসন অলংকৃত করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। একইসঙ্গে ক্লাবে ‘স্পোর্টস লাইব্রেরি’ চালুর অভিনব উদ্যোগের জন্য সভাপতিকে সাধুবাদ জানাতেও ভোলেননি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, পদাধিকারী না হলেও গ্যালারির একনিষ্ঠ সাধারণ সদস্য হিসেবে আজীবন মোহনবাগানের পাশেই থাকবেন। তিনি লিখেছেন, “প্রিয় মোহনবাগান ক্লাবের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। ব্যক্তিগত কারণ। কেউ আমাকে এবিষয়ে একটি কথাও বলেননি। দু’দফায় এই ঐতিহ্যশালী ক্লাবের সহসভাপতি হতে পারায় আমি ধন্য।”
প্রিয় মোহনবাগান ক্লাবের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। ব্যক্তিগত কারণ। কেউ আমাকে এবিষয়ে একটি কথাও বলেননি। দু’দফায় এই ঐতিহ্যশালী ক্লাবের সহসভাপতি হতে পারায় আমি ধন্য।
* দুটি ছবি দিলাম। একটি 1985 সালে, সবান্ধবে মোহনবাগান মাঠে। অন্যটি 2025 সালে স্কটল্যান্ডে।
* মাননীয়… pic.twitter.com/gXUrxnvkh4— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 26, 2026
চিঠির শেষে দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোসের নেতৃত্বাধীন কর্মসমিতির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করেছেন তৃণমূলের এই দাপুটে নেতা। কুণাল ঘোষ নিজে জল্পনায় জল ঢাললেও, তাঁর মতো এক হেভিওয়েট ব্যক্তিত্বের এই আচমকা ‘প্রস্থান’ ঘিরে ময়দানের হাওয়া এখন বেশ গরম। আপাতত সব নজর এখন ক্লাব তাঁবুর দিকে, মোহনবাগান কর্তৃপক্ষ কি এই ইস্তফাপত্রে অনায়াসে সিলমোহর দেবে, নাকি শুরু হবে মানভঞ্জনের পালা?

