Uniform Civil Code
Bengal Liberty, ২৯ মে :
দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে (Uniform Civil Code)। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও এই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছে নতুন সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভোট প্রচারের প্রতিশ্রুতি ছিল ইউসিসি লাগুকরা। এক দেশ এক আইন এই মর্মে বিজেপির সংকল্পপত্রে উল্লেখিত অঙ্গীকার অনুযায়ী, বাংলায় ইউসিসি কার্যকর করার সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে (Uniform Civil Code)।

অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য (Uniform Civil Code)
হল জাতি, ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে গোটা দেশের নাগরিকদের জন্য এক অভিন্ন দেওয়ানি আইন চালু করা। বিয়ে, ডিভোর্স, ভরণপোষণ, দত্তক গ্রহণ, সম্পত্তির উত্তরাধিকার ও পারিবারিক আইনের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য করার কথা বলা হয়েছে এই আইনে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশের প্রথম বিজেপি শাসিত রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে ইউসিসি বিল পাশ হয় এবং তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। এরপর ২০২৬ সালের মার্চ মাসে গুজরাট বিধানসভাতেও ইউসিসি বিল পাশ হয়। সেখানে বিয়ে ও ডিভোর্সের জন্য অভিন্ন আইন, বহুবিবাহ নিষিদ্ধকরণ এবং লিভ-ইন সম্পর্কের বাধ্যতামূলক নথিভুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে। সম্প্রতি অসম বিধানসভাতেও ইউসিসি বিল পাশ হয়েছে। এই আইনের আওতায় বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে, লিভ-ইন সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে উত্তরাধিকার ও ব্যক্তিগত আইনেও অভিন্ন নিয়ম আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

একাধিক রাজ্যে ইউসিসি চালুর সম্ভাবনা (Uniform Civil Code)
অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ সরকারও নিজেদের রাজ্যে ইউসিসি চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, দেশের সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদের ভাবনা বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিকে পশ্চিমবঙ্গেও ইউসিসি ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, বাংলায় সরকার গঠিত হলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই ইস্যুতে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি, তবুও রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে ইউসিসি বড় ইস্যু হয়ে উঠতে পারে।


