Bengal Liberty
মাত্র ১৭ বছর বয়সেই অসাধারণ কৃতিত্বের নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি চৌহান (Riddhi Chauhan)। নিউ ইয়র্কের কুইন্সের বেঞ্জামিন এন. কার্দোজো হাইস্কুলের ছাত্রী ঋদ্ধি স্কুলের নেভি জুনিয়র রিজার্ভ অফিসার্স ট্রেনিং কর্পস ইউনিটের সর্বোচ্চ পদ ‘ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন। বর্তমানে তিনি প্রায় ৩০০ জন মার্কিন নৌসেনা ক্যাডেটকে নেতৃত্ব দিচ্ছেন।

মার্কিন নৌ ক্যাডেটের নেতৃত্বে ঋদ্ধি
সংবাদসংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী, ঋদ্ধি ইতিমধ্যেই নেভাল অ্যাকাডেমি প্রিপারেটরি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর কমিশনড অফিসার হওয়ার লক্ষ্যে এটি তাঁর বড় পদক্ষেপ। প্রথম বর্ষে আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে NJROTC-তে যোগ দিয়েছিলেন ঋদ্ধি। এরপর ধাপে ধাপে অ্যাকাডেমিক কমান্ডার, STEM কমান্ডার, প্লাটুন লিডার ও ইন্সপেকশন কমান্ডারের দায়িত্ব সফলভাবে পালন করে ব্যাটালিয়নের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বে পৌঁছেছেন।

বর্তমানে সপ্তাহে চার দিন ভোর ৭টার আগেই স্কুলে পৌঁছে ক্যাডেটদের ড্রিল পরিচালনা, প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের দায়িত্ব সামলান তিনি। পাশাপাশি পড়াশোনা ও বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বেই ইউনিটের প্রথম SeaPerch আন্ডারওয়াটার রোবট প্রকল্প তৈরি হয়েছে। রাজস্থানের জয়পুরের সঙ্গে পারিবারিক যোগ থাকা ঋদ্ধি জানান, BAPS স্বামীনারায়ণ সংস্থার শিক্ষা ও মহন্ত স্বামী মহারাজের আদর্শ থেকেই তিনি নম্রতা, সেবাভাব ও নেতৃত্বের মূল্যবোধ শিখেছেন। প্রিপারেটরি কোর্স শেষ করে তাঁর লক্ষ্য ইউনাইটেড স্টেটস নেভাল অ্যাকাডেমিতে যোগ দেওয়া।

