Rathin Ghosh
Bengal Liberty, ১ জুন :
রথীন ঘোষের গ্রেফতারির আশঙ্কা কত শতাংশ? পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ কড়া অবস্থান নিচ্ছে ইডি (Rathin Ghosh)। ইডির তদন্ত যত এগোচ্ছে, ততই একের পর এক তাবড় তাবড় নেতা গারদে ওপারে যাচ্ছেন। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক প্রভাবশালী নেতা, যার মধ্যে রয়েছেন সুজিত বসু । তারই মধ্যে এবার আজ, সোমবার ফের ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তদন্তকারীদের চাওয়া নথিপত্র সঙ্গে নিয়েই তিনি ইডি দফতরে পৌঁছন। তবে সম্ভাব্য আইনি চাপ বা গ্রেফতারির জল্পনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন রথীন ঘোষ। একইসঙ্গে সদ্য শপথ নেওয়া নতুন মন্ত্রীদের শুভেচ্ছাও জানান (Rathin Ghosh)।

ইডির দফতরে দাঁড়িয়েই নতুন মন্ত্রীদের শুভেচ্ছা রথীনের (Rathin Ghosh)
সোমবার একদিকে যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তলবে রথীন ঘোষের হাজিরা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা, অন্যদিকে তখন রাজ্যে চলছিল নতুন মন্ত্রিসভার সম্প্রসারণের প্রস্তুতি। তারই মধ্যে ইডি দফতরে প্রবেশের আগে সদ্য নির্বাচিত মন্ত্রীদের শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। পাশপাশি বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ৮০-তে নেমে আসা এবং দলের শীর্ষ নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে রথীন বলেন, “মানুষ চায়নি, তাই হয়নি। কোথায় খামতি ছিল তা বুঝতে পারলে হয়তো অনেক কিছুই হতো।” যদিও দলের ভরাডুবির নির্দিষ্ট কারণ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। অপরদিকে রবিবার কালীঘাটে বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক ৬০ জন বিধায়কের অনুপস্থিতিতে বাতিল হয়ে যায় বৈঠক। অনুপস্থিত ছিলেন রথীন ঘোষও। সেই প্রসঙ্গে রথীন ঘোষ বলেন, তাঁর শরীর ভালো ছিল না। তবে দলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই তিনি আশ্বস্ত করেন।

একাধিকবার তলব এড়ানোর পর অবশেষে ইডির মুখোমুখি রথীন (Rathin Ghosh)
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। সর্বশেষ গত ২৫ মে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি তদন্তকারী সংস্থার দফতরে যাননি। কখনও ভোটের ব্যস্ততা, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে এবার আর অনুপস্থিত থাকেননি তিনি। আজ, সোমবার সকালেই প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান রথীন ঘোষ। দীর্ঘদিনের টালবাহানার পর তাঁর এই হাজিরাকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর, ইডির জেরায় কী তথ্য উঠে আসে এবং কতক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তার উপর। তবে তার সাথেই সকলের নজর এবার জলে রথীন নামক মাছ আসে কিনা?


