BJP Oath Ceremony
Bengali Liberty:
নতুন সরকারের মন্ত্রিসভা গঠনে এবার বিশেষ গুরুত্ব পেল জেলার প্রতিনিধিত্ব (Suvendu Cabinet)। লোকভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি ৩৫ জন বিধায়ককে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাধীন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করালেন। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। নবগঠিত মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রিসভায় জেলাভিত্তিক রাজত্ব
মন্ত্রিসভায় কলকাতা এবং শহরতলির তুলনায় জেলা কেন্দ্রিক প্রতিনিধিত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৪ জন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রয়েছেন ৭ জন প্রতিনিধি। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে বিধায়কদের মন্ত্রিসভায় রাখা হয়েছে। নবনির্বাচিত বিধায়কদের মধ্যেও বেশ কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পূর্ণিমা চক্রবর্তী, দীপঙ্কর জানা, গার্গী দাস ঘোষ, সুমনা সরকার এবং কলিতা মাঝি। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে উঠে আসা নতুন মুখদেরও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
রাজ্যের পূর্ববর্তী সরকারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা গঠনের অভিযোগ উঠেছিল। শাসকদলের অভ্যন্তরেও জেলার প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি বারবার শোনা গিয়েছিল। সেই তকমা ভাঙলো নতুন সরকার। এর ফলে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ,জেলার সমস্যা এবং উন্নয়নের বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পেতে পারে বলে আশা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন জেলার জনগণ। বুধবার হবে মন্ত্রিসভার বৈঠক এবং সেখান থেকেই বিভিন্ন দপ্তর বন্টন হয়ে যাবে দায়িত্ব ভারপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে।

