Annapurna Yojna West Bengal
Bengal Liberty, ৩ জুন ,কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। রাজ্য সরকারের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের আওতায় প্রথম দফার অর্থ সাহায্য সরাসরি পৌঁছে গেল উপভোক্তাদের হাতে। আজ, বুধবার নবান্নে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের মোট ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠানোর কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচ জন মহিলার হাতে এই প্রকল্পের অফিশিয়াল অনুমোদনপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী।
চলবে নথিভুক্তকরণ, প্রতি ৭ দিনে আসবে নতুন তালিকা (Annapurna Yojna West Bengal)
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মাত্র কয়েক দিনের অত্যন্ত দ্রুত ও নিপুণ যাচাই প্রক্রিয়ার পর এত বিপুল সংখ্যক আবেদনকারীকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। যাঁরা প্রকৃত উপযুক্ত, তাঁরা সকলেই পর্যায়ক্রমে এই কর্মসূচির সুবিধা পাবেন। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরও কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে।
আগামী তিন মাস ধরে এই প্রকল্পের জন্য নতুন নাম নথিভুক্তকরণ বা আবেদন প্রক্রিয়া লাগাতার চলবে।প্রতি সাত দিন অন্তর অন্তর নতুন করে কত জনের আবেদন যাচাই বা স্ক্রুটিনি করা হয়েছে, সেই তথ্য রাজ্য সরকার জনসমক্ষে প্রকাশ করবে।

ভুয়ো উপভোক্তা ছাঁটতেই নতুন আবেদন: অগ্নিমিত্রা পাল (Annapurna Yojna West Bengal)
অনুষ্ঠানে উপস্থিত নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, “আগের তালিকার ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের সম্পূর্ণভাবে চিহ্নিত করতেই একদম নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং একজনও প্রকৃত প্রাপক বাদ যাবেন না।”

স্বচ্ছতা বজায় রাখতে বুথ স্তরে প্রকাশ হবে তালিকা (Annapurna Yojna West Bengal)
প্রকল্পে ১০০ শতাংশ স্বচ্ছতা ও সততা বজায় রাখতে নবান্ন যে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তিনি জানান, উপভোক্তাদের চূড়ান্ত তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরেও সাধারণ মানুষের দেখার জন্য প্রকাশ করা হবে। কোনো অযোগ্য বা প্রভাবশালীর নাম তালিকায় ঢুকে থাকলে আমজনতা সরাসরি আপত্তি জানাতে পারবেন। আবার উল্টোদিকে, কোনো যোগ্য ব্যক্তি ভুলবশত বাদ পড়লে পুনরায় আবেদন করে নিজের নাম তালিকায় তোলার পূর্ণ সুযোগ পাবেন।

