LOP Ritabrata Banerjee
Bengal Liberty, ৩ জুন :
অবশেষে জল্পনায় সিলমোহর! বিধানসভার সচিব সৌমেন্দ্র নাথ দাস ঋতব্রতর হাতে তুলে দিলেন বিরোধী দলের ঘরের চাবি (LOP Ritabrata Banerjee)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকে বিধানসভায় তালাবদ্ধ ছিল বিরোধী দলের এবং বিরোধী দলনেতার ঘর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন বাইরের কাঠের চেয়ারে বসে থাকতেন। অতঃপর সেই তালাবন্ধ ঘরের চাবি তুলে দেওয়া হল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ৫৮ জন বিধায়কের সমর্থনে তাঁকে বিরোধী দলনেতা মনোনীত করলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু (LOP Ritabrata Banerjee)।

চার ডেপুটিকে নিয়ে নতুন কোর টিম গড়লেন ঋতব্রত
রাজ্যের নতুন বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই এক হাইভোল্টেজ সাংবাদিক বৈঠকে দলের শক্তি, ভবিষ্যৎ রণকৌশল এবং বিধানসভার নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বর্তমানে খাতায়-কলমে ৫৮ জন বিধায়কের লিখিত সমর্থন তাঁদের পক্ষে রয়েছে। পাশাপাশি আরও ২ বিধায়ক পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি। সেই হিসেবে বিধানসভায় তাঁদের কার্যকর সদস্য সংখ্যা এখন ৬০ বলেই ধরে নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি আরও ইঙ্গিত দেন, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। একইসঙ্গে বিধানসভায় বিরোধী দলের নতুন কোর কমিটির ঘোষণাও করেন তিনি। ঋতব্রত জানান, তাঁর উপ-দলনেতা বা ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন চারজন অভিজ্ঞ ও প্রভাবশালী বিধায়ক, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা এবং শিউলি সাহা। তাঁদের নিয়ে আগামী দিনে বিধানসভা ও রাজনীতির ময়দানে আরও আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার ইঙ্গিতও দেন নবনিযুক্ত বিরোধী দলনেতা।


