weather update
Bengal Liberty, ৩ জুন :
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বস্তির বৃষ্টির জন্য (Weather Update)। কিন্তু প্রকৃতি যেন এখনও মুখ ফিরিয়ে রেখেছে দক্ষিণের জেলাগুলির দিক থেকে। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হলেও তা গরম কমানোর বদলে উল্টে ভ্যাপসা অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এরই মধ্যে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়তে পারে, ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গে তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা সক্রিয় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির প্রভাব সমান হবে না। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির সমতল এলাকার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। ফলে বৃষ্টির দেখা মিললেও পুরোপুরি স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।


