Abhishek Banerjee
Bengal Liberty, ১১ জুন :
লক্ষ্মীবারেই ভবানী ভবন যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভায় ভুয়ো সই মামলায় ইতিমধ্যেই তিনবার হাজিরা এড়িয়েছেন অভিষেক। দিল্লিতে আছেন বলে আরও বেশ কিছুটা সময় চেয়েছেন। এমনকি সই-কাণ্ডে সিআইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার না করতে পারে, সেই মর্মে আইনি রক্ষাকবচ চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সব কারসাজিতে কার্যত জল ঢেলে আজকেই, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির দফতরে হাজিরা দিতে বলল কলকাতা হাই কোর্ট। হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। সূত্রের খবর বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে ফিরছেন অভিষেক। তার পরেই তাঁকে তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন তিনি (Abhishek Banerjee)।

সন্ধ্যে ৬ টার মধ্যে ভবানী ভবন যাবেন অভিষেক (Abhishek Banerjee)
আজ, বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে সন্ধ্যে ৬টার মধ্যে অভিষেক যাবেন ভবানীভবনে। আগামী দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থা আইন মেনে পদক্ষেপ করবে। এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি।
উল্লেখ্য, বিধানসভায় ভুয়ো সই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৩টি সমন পাঠিয়েছে সিআইডি। প্রতিবারই তাঁর বাড়িতে গিয়ে সমনের চিঠি দিয়ে এসেছেন আধিকারিকরা। তবে একবারও হাজিরা দেননি তিনি। প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। দিল্লিতে আছেন বলে আরও বেশ কিছুটা সময় চেয়েছেন। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে গিয়েছিল সিআইডি টিম। ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে থাকা তৃণমূলের পার্টি অফিসে, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তল্লাশি চালায় তাঁরা। সেইদিনই অভিষেকের হাজিরা দেওয়ার কথা থাকলেও এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ তিনি ভবানী ভবনে যাবেন বলেই সূত্রের খবর।


