Bankura
Bengal Liberty:
বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃনমূলেরই ১৬ জন কাউন্সিলার (TMC councillor)। বুধবার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ সহ মোট ১৬ জন তৃনমূল কাউন্সিলার বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা প্রস্তাব জমা দেন।

ক্ষোভ উগরে দিল কাউন্সিলররা
বাঁকুড়া পুরসভার ২৪ টি আসনের মধ্যে ২১ টি আসন তৃনমূলের দখলে । পুরসভা নির্বাচনে নির্দল হিসাবে লড়াই করে কাউন্সিলার হন ৩ জন । পরবর্তীতে ৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার দিলীপ আগরওয়াল ও ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার অনন্যা রায় চক্রবর্তী বিজেপিতে যোগ দেন । এতদিন এই পুরসভায় পুরপ্রধান পদে আছেন অলকা সেন মজুমদার। বুধবার পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ সহ তৃনমূলের ১৬ জন কাউন্সিলার।
বিক্ষুব্ধ কাউন্সিলারদের দাবি রাজ্যে পালাবদলের পর থেকেই পুরপ্রধান অলকা সেন মজুমদার বাঁকুড়া পুরসভায় একনায়কতন্ত্র চালাচ্ছেন । বিজেপির অঙ্গুলিহেলনে পুরপ্রধান পুরসভা পরিচালনা করছেন বলেও অভিযোগ তোলেন বিক্ষুব্ধ কাউন্সিলাররা ।

বিক্ষুব্ধ কাউন্সিলারদের মধ্যে অন্যতম বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা বলেন, “ রাজ্যে পালাবদলের পর থেকে বিজেপির অঙ্গুলীহেলনে চালিত হচ্ছেন বাঁকুড়ার বর্তমান পুরপ্রধান । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি । দলের ফলাফল খারাপ হয়েছে বলে এখন বিজেপির দ্বারা পরিচালিত হতে পারবো না । তাই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি” । পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পদে থাকা বিক্ষুব্ধ রেখা দাস রজক বলেন, “পুরসভার বিগত বোর্ড মিটিংয়ে পুরপ্রধান বলেন বিজেপির মন্ডল সভাপতির কথামতো তাঁকে কাজ করতে হচ্ছে । অন্যান্য কাউন্সিলারদেরও বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি । আমরা তা মেনে নিতে পারছি না” । বিষয়টি নিয়ে সেভাবে মুখ খুলতে নারাজ পুরপ্রধান অলকা সেন মজুমদার । তিনি বলেন, “ আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা কিছু শুনিনি । তাই এব্যাপারে কোনো মন্তব্য করবো না” ।

