Abhishek Banerjee Case
Bengal Liberty: ভোট প্রচারের সময় করা উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় দায়ের হলো নতুন অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী সঞ্জয় কুমার সিংঘল।

ঠিক কী অভিযোগ? (Abhishek Banerjee Case)
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, গত ৪ মে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অত্যন্ত প্ররোচনামূলক ও বেআইনি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া ২৫ মার্চ নন্দীগ্রাম, ২৭ এপ্রিল মহেশতলা এবং আরামবাগের জনসভাতেও তিনি জনমনে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার মতো বক্তব্য রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই ধরনের মন্তব্য জনশান্তি ও সামাজিক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অভিযোগকারী।

অভিষেকের সুর ও আইনি চাপ (Abhishek Banerjee Case)
অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন যে, ডিজে বাজানো নিয়ে যদি তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে, তবে অমিত শাহ কেন পার পাবেন? তিনি অভিযোগ করেছেন, রাজ্যে সরকার পরিবর্তনের পরেই তাঁর বিরুদ্ধে এই ধরনের মামলা সাজানো হচ্ছে।

তৃণমূলের ওপর মামলার পাহাড় (Abhishek Banerjee Case)
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একই থানায় দেশের সার্বভৌমত্ব ও শান্তিভঙ্গের উস্কানি দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। একের পর এক কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির সমন, তল্লাশি এবং নতুন নতুন থানায় দায়ের হওয়া অভিযোগের জেরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর আইনি চাপ যে ক্রমাগত বাড়ছে, তা বলাই বাহুল্য।


