Jyotipriyo Mallick
Bengal Liberty: একে একে নিভিছে দেউটি!এ বার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দলের প্রবীণ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু অসুস্থতার কারণ দেখিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (Jyotipriyo Mallick)।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় ইতিমধ্যেই দলের নেতৃত্বকে চিঠি দিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত ১৩ জুন তাঁকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সেই পদ-সহ দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

জাতীয় কর্মসমিতির সদস্যপদ-সহ দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মন্ত্রী (Jyotipriyo Mallick)
জ্যোতিপ্রিয়র দাবি, তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি। পাশাপাশি তিনি কিডনি-জনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতির কারণেই দলীয় কাজকর্মে সক্রিয়ভাবে যুক্ত থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণেই তিনি সমস্ত পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে একসময় জেলেও থাকতে হয়েছে জ্যোতিপ্রিয়কে। এরপরও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জেল থেকে ছাড়া পেলে, হাবড়া থেকেই তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। নিজের তিনবারের কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি । আর এ বার রাজনীতি থেকেই সরে দাঁড়ালেন বালু।

দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয়র এই সিদ্ধান্তকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও আপাতত তাঁর দাবি, শারীরিক অসুস্থতাই এই পদত্যাগের একমাত্র কারণ। তবে এর পিছনে অন্য কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে । তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জমানা শুরু হতেই কোণঠাসা হয়ে পড়েছিলেন বালু। ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলে ভাঙন দেখা দিয়েছে । এমতাবস্থায় রাজনীতি থেকেই সরে দাঁড়ালেন বালু।


