Firoz Nabi
Bengal Liberty: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার জেরে এক বিজেপি নেতাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডুয়ায়। এই ঘটনায় প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই তথা তৃণমূল নেতা ফিরোজ নবী এবং সেখ শফিককে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।

অভিযোগ কী? (Firoz Nabi)
অভিযোগ, ২০২১ সালের ২৩ জুন পান্ডুয়ার একটি রেস্টুরেন্টে বসে চা খাওয়ার সময় বিজেপি নেতা সেখ আব্বাস আলীর ওপর অতর্কিত হামলা চালায় ফিরোজ নবী, সেখ শফিক ও তাদের দলবল। মারধরের জেরে আব্বাস আলীর কানের পর্দা ফেটে গিয়ে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি তাঁর কাছ থেকে মোবাইল, ঘড়ি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। রাজ্যে সরকার বদলের পর গত ২৩ মে আব্বাস আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আদালতে বিক্ষোভ (Firoz Nabi)
শনিবার রাতে জয়পুর রেলগেট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের চুঁচুড়া আদালতে পেশ করার সময় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হলে, বিজেপি কর্মী-সমর্থকরা তাদের দেখে ‘চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পান্ডুয়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ধৃতদের সাতদিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।


