Bengal Liberty:
বর্ষার শুরুতেই কলকাতার একাধিক এলাকায় জল জমার সমস্যা নিয়ে মুখ খুললেন রাজ্যের সেচমন্ত্রী অরূপকুমার দাস (Kolkata Rain)। তাঁর দাবি, শহরের দীর্ঘদিনের জল জমার সমস্যার অন্যতম প্রধান কারণ হল কলকাতার পুরনো নিকাশি ব্যবস্থা এবং যথেচ্ছ পরিমাণে প্লাস্টিকের ব্যবহার। তবে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা ও সেচ দফতর সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান তিনি।

প্রয়োজন নাগরিক সচেতনতা
সেচমন্ত্রীর বক্তব্য, কলকাতার মূল নিকাশি পরিকাঠামো ১৯৩০-এর দশকে তৈরি হয়েছিল। সেই সময়ের জনসংখ্যা ও শহরের পরিধি অনুযায়ী গড়ে উঠেছিল এই ব্যবস্থা। কিন্তু বর্তমানে চাহিদা পূরণে দুঃসাধ্য হয়ে পড়ছে। গত কয়েক দশকে জনসংখ্যা ও নগরায়ণ দ্রুত বৃদ্ধি পেলেও নিকাশি ব্যবস্থার মূল কাঠামোয় তেমন পরিবর্তন হয়নি। ফলে অল্প সময়ে অতিবৃষ্টির জল দ্রুত নিষ্কাশন করা বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও, প্লাস্টিক ও পলিথিন যথেচ্ছভাবে নালায় ফেলে দেওয়ার ফলে জল বের হতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সেচমন্ত্রী। উদাহরণ হিসেবে গত বছরের দুর্গাপুজোর সময় এক রাতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, এত বিপুল পরিমাণ জল স্বল্প সময়ে সরানো সম্ভব হয়নি বলেই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছিল। তাই জল জমার সমস্যা কমাতে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি নাগরিকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


