ISKCON Kolkata
Bengal Liberty:
রাধারমণ দাসকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন (ISKCON)। একই সঙ্গে তাঁকে সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা অন্য কোনও জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব না করার এবং সংগঠনের পক্ষে কোনও বক্তব্য না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ জুন) ইসকন কলকাতার আইন ও যোগাযোগ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের প্রায় ১০০টি দেশে কার্যরত ইসকনের নিজস্ব নিয়মাবলী, মানদণ্ড, কার্যাদেশ (ম্যান্ডেট) ও নৈতিক নীতি রয়েছে। কোনও সদস্য সেই নির্ধারিত ম্যান্ডেট অনুসরণ না করলে সংগঠনের পক্ষ থেকে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রাধারমণ দাসকে চিঠি ইস্কনের
ইসকনের দাবি, দীর্ঘদিন ধরে রাধারমণ দাসকে সংগঠনের নীতিমালা মেনে চলার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা অনুসরণ করেননি। অভিযোগ, তিনি ইসকনের আনুষ্ঠানিক অবস্থানের পরিপন্থী হয়ে একতরফাভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং নিজের দায়িত্ব ও এক্তিয়ারের বাইরের বিষয়েও হস্তক্ষেপ করেছেন। সংগঠনের মতে, তাঁর কিছু কর্মকাণ্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকনের সদস্যদের নিরাপত্তা ও কল্যাণকে ঝুঁকির মুখে ফেলেছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাধ্যতামূলক ছুটির এই সময়ে রাধারমণ দাসকে তাঁর কর্মকাণ্ড পুনর্বিবেচনা করতে এবং ভবিষ্যতে সংগঠনের নীতিমালা অনুযায়ী চলার জন্য উৎসাহিত করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ইসকন কলকাতার আইন ও যোগাযোগ বিভাগের পরিচালক অনন্ত ভগবান দাস।


