UCC bill
Bengal Liberty : বিধানসভায় আপাতত পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল (UCC Bill)। পরিবর্তে বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। ওই কমিটির সুপারিশ ও রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে বিলটি আনা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর থেকেই ইউসিসি বিল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হলেও, আপাতত সেই সম্ভাবনায় ইতি পড়েছে। আগামী ৭ জুলাই থেকে শুরু হতে চলা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিলটি তোলা হবে কি না, তা আইন দফতরের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদিও, বর্তমানে রাজ্যের আইন দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই (UCC Bill)।

ইউসিসি বিলে আপাতত বিরতি (UCC Bill)
ভোটের প্রচারের সময় থেকেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে প্রথমবার সরকার গঠনের পর শাসকদল জানিয়ে দেয়, নির্বাচনী সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সেই লক্ষ্যেই সরকার গঠনের দেড় মাসের মধ্যেই ইউসিসি নিয়ে বিল আনার উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিধানসভায় একাধিক বিলের সঙ্গে এই বিলটিও পেশ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরিবর্তে, বিলের খসড়া ও রূপরেখা চূড়ান্ত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে ইউসিসি বিল বিধানসভায় পেশ করা হবে বলে সূত্রের খবর।



