Weather Alert
Bengal Liberty : এতদিন প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী ছিল উত্তরবঙ্গ (Weather Alert)। এবার সেই দুর্যোগের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা হয়েছে। তার জেরে বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের দাপট বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন অস্থির আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।



