Women Security
Bengal Liberty: নারী সুরক্ষা ও ক্ষমতায়নকে পাখির চোখ করে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে আর কোনওভাবেই নারী নির্যাতনের মতো ঘটনা বরদাস্ত করা হবে না।
নারী সুরক্ষা ও পুলিশের ভূমিকা (Women Security)
নারী নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে গঠন করা হয়েছে ‘নারী সুরক্ষা কমিশন’। এই কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং সদস্য হিসেবে থাকছেন আইপিএস দময়ন্তী সেন।
পাশাপাশি, রাজ্যের প্রতিটি থানায় আগামীকাল থেকেই চালু হচ্ছে বিশেষ ‘মহিলা ডেস্ক’ এবং প্রতিটি মহকুমায় গড়ে তোলা হবে একটি করে মহিলা থানা। মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি করা হবে বিশেষ ‘দুর্গা স্কোয়াড’। এছাড়া, পুলিশে নতুন করে আরও দুটি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে।

১১২ হেল্পলাইন ও দ্রুত ব্যবস্থা (Women Security)
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে গড়ে প্রায় তিন ঘণ্টা সময় লাগে, যা দ্রুত কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে দুর্গাপূজোর আগেই রাজ্যজুড়ে একক আপৎকালীন নম্বর ‘১১২’ (112 Helpline) পুরোদমে চালু করা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য প্রতিটি থানায় একটি করে পৃথক পুলিশ গাড়ি বরাদ্দ রাখা হবে।

কর্মসংস্থান ও মাতৃত্বকালীন সহায়তা (Women Security)
নারী সুরক্ষার পাশাপাশি মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বনের ওপরও বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবারের বাজেটে ১ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩০,০০০ চাকরি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া, প্রসূতি মায়েদের জন্য ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’র সুবিধার সাথে অতিরিক্ত অর্থ যুক্ত করে মোট ২১,০০০ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।


