Mahua Moitra
Bengal Liberty : নদিয়ার কালীগঞ্জে ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে (Mahua Moitra)। তারই মধ্যেই সুরক্ষার আবেদন জানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টে তাঁর বিরুদ্ধেই পাল্টা এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি বা অন্য কোনও কড়া পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছে (Mahua Moitra)।

আদালতের দ্বারস্থ মহুয়া (Mahua Moitra)
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৩৫(৩) ধারায় মহুয়া মৈত্রকে নোটিস পাঠানো হয়েছিল। ই-মেলের মাধ্যমে পাঠানো সেই নোটিসের জবাবও দেন তিনি। তবে তাঁর আইনজীবীর দাবি, আইন অনুযায়ী নোটিস যথাযথভাবে প্রদান করা হয়নি। বরং একটি নির্মীয়মাণ ভবনের দেওয়ালে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছিল। এই কারণেই সম্ভাব্য গ্রেফতারি, জোরপূর্বক পদক্ষেপ বা অন্য কোনও দমনমূলক ব্যবস্থা থেকে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছেন।
ডিম হামলার পর আইনি লড়াই আরও জোরাল (Mahua Moitra)
উল্লেখ্য, কালীগঞ্জের ঘটনার আগে গত ১৩ জুন কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে হাজিরা দিতে গিয়েও বিক্ষোভ ও ডিম ছোড়ার চেষ্টার মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন এবং প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। এবার কালীগঞ্জের ঘটনার জেরে আদালতের দ্বারস্থ হয়ে সেই আইনি লড়াইকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। এখন হাইকোর্টের পরবর্তী নির্দেশের দিকেই নজর রাজনৈতিক মহলের।



