DA Arrears
Bengal Liberty : দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর (DA Arrears)। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে বকেয়া থাকা ডিএ (মহার্ঘ ভাতা) বাবদ টাকার ৫০ শতাংশ চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রযুক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত জটিলতার কারণে এতদিন এই টাকা আটকে থাকলেও, এবার প্রায় ৩০ হাজারের বেশি পেনশনভোগী এই সুবিধা পেতে চলেছেন (DA Arrears)।

বৈঠকের পর সিদ্ধান্ত (DA Arrears)
নবান্ন সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া ডিএ ও এরিয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়। এরপরই চলতি মাসের মধ্যেই ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া ডিএর ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়।মূলত কলকাতা পুরসভা এলাকার সেই সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন, যাঁরা ট্রেজারির পরিবর্তে ব্যাঙ্কের মাধ্যমে পেনশন গ্রহণ করেন। ২০১৫ সালের আগে ব্যাঙ্কগুলিতে সম্পূর্ণ অনলাইন বা কম্পিউটারাইজড ব্যবস্থা চালু না থাকায় প্রয়োজনীয় তথ্য সময়মতো ট্রেজারিতে পৌঁছায়নি। সেই কারণেই তাঁদের বকেয়া ডিএ ও এরিয়রের টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল।
এই সমস্যার জেরে প্রায় ৩০ হাজারেরও বেশি পেনশনভোগী বছরের পর বছর বকেয়া টাকা থেকে বঞ্চিত হন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় এবং সংগ্রামী যৌথ মঞ্চ। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে একাধিক দফা যোগাযোগ ও আলোচনার পর সরকার বকেয়া টাকার ৫০ শতাংশ চলতি মাসেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।



