Tapas roy
Bengal Liberty: রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়ে মাহেশে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি নেতা তাপস রায়। একসময় যে দলের হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েই এবার কড়া মন্তব্য শোনা গেল তাঁর মুখে (Tapas roy)।
মাহেশে জগন্নাথ দেবকে দর্শনের পর প্রশ্নের উত্তরে তাপস রায় বলেন, “তৃণমূলের মুষলপর্ব চলছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। সমাজ ও পশ্চিমবঙ্গের কল্যাণের জন্য তৃণমূল দলটা যত শীঘ্র বিদায় নেয়, ততই ভালো।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

তৃণমূল দলটা চলে গেলেই মঙ্গল! (Tapas Roy)
সাম্প্রতিক সময়ে মদন মিত্র ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাওয়া নিয়ে তৈরি হওয়া জল্পনার প্রেক্ষিতে তাপস রায়কে প্রশ্ন করা হয়েছিল, মদন মিত্র কি তৃণমূলে নতুন কোনো সমীকরণের দিকে এগোচ্ছেন? জবাবে তিনি বলেন, “কে কোথায় কার সঙ্গে দেখা করবে, সে বিষয়ে আমি কী বলব?” অর্থাৎ, এই বিতর্ক থেকে নিজেকে দূরেই রাখেন তিনি।

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রসঙ্গ নিয়েও নিজের মত প্রকাশ করেন তাপস রায়। তিনি বলেন, “এতদিন ধরে যে এটা হয়নি, সেটাই আশ্চর্যের। তদন্তের যে নিয়মকানুন রয়েছে, সেগুলো তো মেনে চলতেই হয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

একসময়ের তৃণমূলের অন্যতম পরিচিত মুখের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য বহন করছে। যে দলকে শক্তিশালী করতে তিনি বহু বছর কাজ করেছেন, আজ সেই দলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ টেনে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস রায়। এবার সেই বিতর্ককেই আরও কিছুটা উসকে দিলেন এই বিজেপি নেতা।
আরো পড়ুন:-
Suvendu Adhikari: কামদুনি মামলায় নতুন করে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর

