Dilip Ghosh
Bengal Liberty:
রথযাত্রার পবিত্র দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুরে গিয়ে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূজা-অর্চনা, আরতি, গোসেবা ও বৈদিক যজ্ঞে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রশ্নেরও জবাব দেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, “তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে। মশা, মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না।”

পরিবারের সঙ্গে দিলীপ Dilip Ghosh
বৃহস্পতিবার সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে মহাপ্রভুর আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি নিজের হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে শ্রদ্ধা জানান এবং বৈদিক যজ্ঞেও অংশগ্রহণ করেন। স্ত্রীকে পাশে নিয়েই যজ্ঞাহুতি দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ইসকনের মতো আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, এই আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, মানবকল্যাণ, ভক্তি ও ভারতীয় সংস্কৃতিরও এক মহামিলন। রাজনৈতিক প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তৃণমূল থেকে বিজেপিতে সম্ভাব্য দলবদল নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে। মশা, মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না।”

