Rath Yatra 2026
Bengal Liberty:
নীলাচলধামে নিত্য বিরাজমান মহাপ্রভু। তাঁর রথযাত্রা উপলক্ষে আজ সেজে উঠেছে পুণ্যভূমি পুরী (Rath Yatra 2026)। আষাঢ় মাসের রথদ্বিতীয়ায় এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশ-বিদেশ থেকে আসা কোটি কোটি ভক্তের সমাগম ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে শ্রীক্ষেত্র প্রাঙ্গণ। আজ সকাল ৬টায় মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়েছে রথের মূল ধর্মীয় আচার-অনুষ্ঠান।

ভক্তের সমাগমে পুরী Rath Yatra 2026
এই বছর পুরীতে ৩০ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে রথ উপলক্ষে। উৎসবটি চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রশাসনিক সূত্রের খবর, ভক্তের নিরাপত্তার কথা মাথায় রেখেই নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। গত বছর গুন্ডিচা মন্দিরের সামনে ভয়াবহ প্রাণহানির পর, এই বছর নিরাপত্তা বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উড়িষ্যা সরকার। জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে ২৬ টি সেফ জোন, ৩০ টি পার্কিং এলাকা সহ নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় ১২ হাজার পুলিশকর্মী এবং নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বিষয়ক খামতি এড়াতে AI সিসিটিভি, ড্রোন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এমনকি, ভক্তদের সুরক্ষার্থে একাধিক মেডিকেল ক্যাম্প, চিকিৎসালয়, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছে।

ঐতিহ্যবাহী রীতি ও ‘পাহান্ডি’ পর্ব
প্রথা ও ঐতিহ্য মেনে আজ ভোর থেকেই শুরু হয়েছে মৈলম, তড়প লাগি, রোশ হোম, অবকাশ এবং সূর্যপুজোর মতো একাধিক ধর্মীয় রীতি। এরপর সকাল সাড়ে নয়টা নাগাদ শুরু হয় মূল আকর্ষণ ‘পাহান্ডি’ পর্ব। গর্ভগৃহ থেকে একে একে রথে নিয়ে আসা হয় বলভদ্র, সুভদ্রা ও শ্রীজগন্নাথ দেবকে।

আজ, ১৬ জুলাই ভগবান জগন্নাথের এই রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথা অনুযায়ী, পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব একটি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করবেন, যা ‘ছেরা পঁহরা’ (বা ছেরা পাহানরা) নামে পরিচিত। এই যাবতীয় আচার সম্পন্ন হওয়ার পর, বিকেল ৪টে নাগাদ টান পড়বে রথের দড়িতে। কোটি কোটি ভক্তের ভক্তিভরা করস্পর্শে নন্দীঘোষে চড়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাবেন জগন্নাথ দেব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার রথের দড়ি টানার এই সুযোগই জগন্নাথ সংস্কৃতির মূল ভিত্তি। পুরীর রথযাত্রা যুগে যুগে সাম্য ও ঐক্যের বার্তাই বহন করে আসছে।

