Sonam Wangchuk
Bengal Liberty : একদিকে দ্রুত ভেঙে পড়ছে শরীর, অন্যদিকে আরও দৃঢ় হচ্ছে লড়াইয়ের অঙ্গীকার (Sonam Wangchuk)। অনির্দিষ্টকালের অনশনের ১৯তম দিনে পৌঁছে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা স্বীকার করলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। চিকিৎসকদের আশঙ্কা, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। দিল্লি হাইকোর্টেও এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তবুও অনশন ভাঙতে রাজি নন তিনি। বরং আগামী ২০ জুলাই সংসদ অভিযানে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি (Sonam Wangchuk)।

‘ভালো অবস্থায় নেই, তবে এখনও লড়তে পারি’, বলেন সোনম (Sonam Wangchuk )
অনশনের ১৮তম দিনে একটি ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, “আমি খুব ভালো অবস্থায় নেই, তবে এতটাও খারাপ নই। এখনও নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তবে আমি এখন অনেক দিন ধরে হাঁটতে পারছি না। হ্যাঁ, দুর্বলতা তো আছেই, আমার পেশিগুলো ক্লান্ত। হাত-পায়ে জোর পাচ্ছি না কিন্তু আমার হৃদয় এবং শরীর এখনও ঠিক আছে।” চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও অনশন ভাঙতে রাজি নন তিনি। আন্দোলনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমাকে অনশন ভাঙতে বলবেন না। বরং সরকারকে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা কেন আমাদের সঙ্গে ন্যূনতম আলোচনা বা সংলাপ শুরু করতেও রাজি হচ্ছে না?”

২০ জুলাই ‘চলো সংসদ’ অভিযানের ডাক (Sonam Wangchuk)
আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার দিন দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সংসদ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক। তাঁর দাবি, এটি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলকে কেন্দ্র করে আন্দোলন নয়। দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বিশ্বাসযোগ্য করে তোলাই এই আন্দোলনের মূল লক্ষ্য।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমাকে অনশন ভাঙতে বলার পরিবর্তে, অনুগ্রহ করে ২০ জুলাই আমার সঙ্গে সংসদের অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় যোগ দিন। অন্য কারও মধ্যে নায়ক খোঁজার বদলে প্রত্যেক নাগরিকের নিজের দায়িত্ব পালন করা উচিত।”
উল্লেখ্য, গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে NEET-এ প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশন শুরুর পর থেকে মোট প্রায় ৮.৯ কেজি ওজন কমেছে। তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির পথেই এগোচ্ছে।


