Moyna Fire
Bengal Liberty: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ছাই হয়ে গেল পূর্ব মেদিনীপুরের ময়নার অন্নপূর্ণা বাজারের ৪টি দোকান। আগুনের লেলিহান শিখায় সব হারিয়ে এখন পথে বসার উপক্রম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ঘটনার বিবরণ (Moyna Fire)
শুক্রবার গভীর রাত, আনুমানিক ২টো নাগাদ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাটি ‘দোকান পট্টি’ হিসেবে পরিচিত হওয়ায় দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকল বাহিনীকে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় দুটি ফলের দোকান, একটি খাবারের দোকান এবং একটি ছাতা মেরামতির দোকান।

ব্যবসায়ীদের আর্তনাদ (Moyna Fire)
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুলাল ভৌমিক কান্নায় ভেঙে পড়ে জানান, বর্ষার মরসুমের জন্য প্রচুর নতুন পণ্য তুলেছিলেন তিনি। আগুনের গ্রাসে তাঁর সব শেষ হয়ে গেছে। অন্য এক ব্যবসায়ী বুদ্ধদেব বর্মন জানান, স্থানীয় প্রায় ৩০ জন মানুষ সাহস করে বালতি হাতে আগুন নেভাতে এগিয়ে না এলে বাজারের আরও অনেক দোকান এই অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যেত। ব্যবসায়ীদের অভিযোগ, দমকলের ইঞ্জিন আরও কিছুটা আগে পৌঁছলে হয়তো দোকানগুলো বাঁচানো সম্ভব হতো।

তদন্তে পুলিশ (Moyna Fire)
খবর পেয়েই ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ—সব দিক খতিয়ে দেখতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

