Kolkata Police
Bengal Liberty
অবৈধ এবং ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিশেষ টাস্ক ফোর্স (STF-D) গঠন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ১৯ জুন, ২০২৬-এ জারি হওয়া পুলিশ কমিশনারের আদেশে এই বিশেষ বাহিনী গঠনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গঠন নতুন টাস্ক ফোর্স Kolkata Police
নতুন এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন ডেপুটি কমিশনার অব পুলিশ (II), SCO। এছাড়াও দলে থাকবেন স্পেশাল ব্রাঞ্চের রেসিডেনশিয়াল পারমিট শাখার ভারপ্রাপ্ত আধিকারিক, এসসিও-র তদন্ত শাখার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বিদেশি অনুসন্ধান শাখা ও অবৈধ অভিবাসী সেলের অফিসার-ইন-চার্জ। আদেশ জারির সঙ্গে সঙ্গেই দলটিকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসটিএফ-ডি-র মূল দায়িত্ব হবে ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিক ও অবৈধ অভিবাসীদের তথ্য যাচাই, তাঁদের খুঁজে বের করতে মাঠপর্যায়ে তদন্ত চালানো এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এফআরআরও-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করা। পাশাপাশি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী আটক ও দেশান্তরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করবে এই বিশেষ দল।

গঠন বিশেষ টাস্ক ফোর্স
ডিভিশনাল ডেপুটি কমিশনারদের মুলতুবি তদন্ত দ্রুত শেষ করা, ‘সি’ ফর্মে উল্লেখিত ঠিকানার যাচাই, এসটিএফ-ডি-কে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়া এবং নিয়মিত অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসটিএফ-ডি তাদের সমস্ত অগ্রগতি রিপোর্ট যুগ্ম পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল ব্রাঞ্চ)-এর কাছে জমা দেবে। এছাড়া আটক ও দেশান্তর সংক্রান্ত সমন্বিত রিপোর্ট এফআরআরও, কলকাতার সঙ্গেও ভাগ করা হবে।
পুলিশ কমিশনারের নির্দেশে স্পষ্ট করা হয়েছে, প্রয়োজনে কলকাতা পুলিশের যে কোনও ইউনিটের সহযোগিতা নিতে পারবে এসটিএফ-ডি। দেশান্তর প্রক্রিয়ায় কোনও সমস্যা দেখা দিলে তা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

