Tapan Dasgupta
Bengal Liberty
বাংলা ভাষার মর্যাদা এবং এর ব্যবহার বৃদ্ধি নিয়ে(Suvendu Adhikari) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের একটি অনুষ্ঠানে এসে এই চিঠির কথা জানান মুখ্যমন্ত্রী। তবে চিঠির বিস্তারিত সারাংশ বা মূল বক্তব্য এদিন তিনি খোলসা করেননি। মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে বিধানসভা অধিবেশন চলছে। তাই আগামীকাল বিধানসভাতেই এই চিঠি নিয়ে বিস্তারিত বলব।”

জাতীয় গ্রন্থাগার থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)
এদিন কলকাতার জাতীয় গ্রন্থাগারে ভারতের প্রথম শব্দ সংগ্রহালয় ‘শব্দলোক’-এর শুভ উদ্বোধন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অত্যাধুনিক সংগ্রহশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, বাংলা ভাষার পূর্ণ মর্যাদা ও প্রয়োগের মাধ্যমে একে বিশ্বের দরবারে আরও ছড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠিটির কথাও উল্লেখ করেন তিনি।


ভারতের ২২টি সরকারি ভাষার দীর্ঘ বিবর্তন, সমৃদ্ধ ঐতিহ্য এবং বহুভাষিক সংস্কৃতিকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই অনন্য সংগ্রহশালাটি নির্মাণ করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, সংস্কৃতি মন্ত্রকের অধীনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। পুরো প্রকল্পটির সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি টাকা।
জাতীয় গ্রন্থাগারের ঐতিহাসিক বেলভেডিয়ার হাউসে (Belvedere House) গড়ে তোলা হয়েছে এই আধুনিক শব্দলোক। এখানে রয়েছে মোট ৯টি গ্যালারি। ভারতের ভাষার হাজার বছরের ইতিহাস, মৌখিক ঐতিহ্য, প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি, লিপির বিবর্তন এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধনে ভাষার বিকাশকে এখানে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

