Rain Alert
Bengal Liberty
রাজ্যে ফের সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সেই জেরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (Heavy Rain Alert)। ১৯ ও ২০ জুলাই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২১ থেকে ২৩ জুলাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, উত্তর ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অপরদিকে, ২১ জুলাই থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস, আকস্মিক বন্যা, জলাবদ্ধতা এবং তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বজ্রপাত, ফসলের ক্ষতি ও কাঁচা বাড়ির ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে অতি প্রয়োজন ছাড়া ধসপ্রবণ বা জলাবদ্ধ এলাকায় না যাওয়া, বজ্রঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং গাছ, বৈদ্যুতিক খুঁটি ও জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

