Bengal Liberty:
রাজ্যে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বর্জন করার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়। দমদম পার্কে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে প্লাস্টিক বর্জন ও চটের থলে হাতে বাজারে যাওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

রবিবার সকালে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচিতে যোগ দেন ড. শারদ্বত মুখোপাধ্যায়। এদিন বাজারে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের হাতে চটের বা জুটের থলে তুলে দেন। সেই সঙ্গে দৈনন্দিন জীবনে, বিশেষ করে বাজার করার ক্ষেত্রে, পুরনো দিনের মতো চটের থলে ব্যবহার করার পরামর্শ দেন। রাজ্যের জুট মিলগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুরনো দিনে ফিরে আসুন, প্লাস্টিক ছেড়ে থলে নিয়ে বাজারে যান।”
রাজ্যে জুট শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ
Sharadwat Mukhopadhyay
শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “আমাদের সঠিক জায়গায় প্লাস্টিক ব্যবহার করা উচিত, যেমন— চেয়ার-টেবিল তৈরিতে। কিন্তু প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন হতে হবে। আমাদের পরিবেশবান্ধব (বায়ো-ডিগ্রেডেবল) জিনিসপত্র ব্যবহার করতে হবে, যা পরিবেশের ক্ষতি করে না। আজকাল আমরা প্লাস্টিকের মূর্তিও পুজো করছি। পুজো করতে হলে মাটির মূর্তিতে করুন। সর্বত্র প্লাস্টিক বর্জন করুন এবং চটের ব্যাগ ব্যবহার করুন। এতে বাংলার জুট মিলগুলো বেঁচে থাকবে। তাই আমার অনুরোধ, পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজারে যান।”

Sharadwat Mukhopadhyay
রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই হুগলি শিল্পাঞ্চলে একাধিক বন্ধ থাকা জুট মিল আবার খুলতে শুরু করেছে। ফলে নতুন করে রোজগারের আশায় বুক বাঁধছেন স্থানীয় শ্রমিকরা। হুগলি জেলাকে পাট চাষের অন্যতম প্রধান কেন্দ্র বলা চলে। এই লাভজনক অর্থকরী ফসল পাটকে বাঁচাতে এবং জুট মিলের পণ্যগুলির বাজার তৈরিতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ লোকসভায় আসন পুনর্বিন্যাস! বদল হলো বাংলার একাধিক সাংসদের সিট নম্বর

