i-pac
Bengal Liberty, কলকাতা :
ভবানীপুর কেন্দ্রে বিশেষ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি Bhabanipur BJP manifesto। ‘বিকশিত ভবানীপুর’ শীর্ষক এই ইস্তেহারে এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং ঐতিহ্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রকাশিত হয়েছে এই ইস্তেহার।

পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবায় জোর
ইস্তেহারে বিশেষ ভাবে উল্লেখিত আছে, ভবানীপুরের সরকারি হাসপাতালগুলিকে দালালমুক্ত করে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতিটি ঘরে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের বেহাল রাস্তা সংস্কার করে মসৃণ সড়ক পরিকাঠামো গড়ে তোলা এবং বর্ষাকালে জল জমা ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে আধুনিক নিকাশি ব্যবস্থা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা, ঐতিহ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ
পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং মহিলাদের জন্য ২৪ ঘণ্টা ১০০ শতাংশ নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। রাতের পার্কিংয়ের নামে চলা অবৈধ তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং গয়নার দোকানে সশস্ত্র হামলার মতো অপরাধ কঠোরভাবে দমনের ব্যবস্থার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এমনকি জোরপূর্বক সম্পত্তি দখল বা অবৈধ নির্মাণকার্য বন্ধ করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে।
ভবানীপুরের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্বকে সামনে রেখে আদিগঙ্গার সংস্কার, নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বসতবাড়ি সহ বিভিন্ন মঠ, মন্দির ও ধর্মীয় স্থানগুলিকে রাজনীতিমুক্ত রেখে সেগুলোর পারিপার্শ্বিক উন্নয়ন ঘটানোর কথা বলা হয়েছে। পাশাপাশি কালীঘাট এলাকার কুমোর ও পটশিল্পীদের জন্য বিশেষ সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে।
যুব সমাজ ও সামাজিক উন্নয়ন
শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে, দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি স্কুলে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিজেপির এই ‘বিকশিত ভবানীপুর’ ইস্তেহার কেবল কিছু প্রতিশ্রুতির সংকলন নয়, বরং এটি ওই এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানের একটি ব্লু-প্রিন্ট। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা থেকে দালাল রাজ নির্মূল করা, আদিগঙ্গার সংস্কার এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে বিজেপি ।
