Humayun Kabir controversy
Bengal Liberty, ১০ এপ্রিল :
প্রথমে চার্জশিট, তারপর সংকল্প পত্র (BJP Sankalp Patra)। চার্জশিটের পর এবার সরাসরি ক্ষমতা দখলের রোডম্যাপ দেখাল বিজেপি! বাংলার মসনদে বসার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের এক পাঁচতারা হোটেল থেকে ইস্তেহার প্রকাশ করলেন। যেখানে আগামী পাঁচ বছরে বাংলার ভবিষ্যৎ নিয়ে বড় বড় প্রতিশ্রুতির ঝাঁপি খুলেছে গেরুয়া শিবির। তবে, বলাই বাহুল্য ঝাঁপির মধ্যে বেশিই নজর দেওয়া হয়েছে মহিলা এবং যুবদের উপর। ডালি সাজিয়ে মহিলাদের সুরক্ষার জন্য একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (BJP Sankalp Patra)।

সংকল্পপত্রে বাংলা জয়ের বার্তা বিজেপির (BJP Sankalp Patra)
বাংলা দখলের লড়াইয়ে তৃণমূলকে একচুলও জমি ছাড়তে নারাজ বিজেপি। ভোট যত এগিয়ে আসছে, ততই দিল্লির শীর্ষ নেতৃত্বের ঘনঘন বঙ্গ সফরে স্পষ্ট হয়ে উঠছে গেরুয়া শিবিরের আক্রমণাত্মক কৌশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের পরের দিনই বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করলেন বঙ্গ বিজেপির নির্বাচনী ইস্তেহার, যার নাম দেওয়া হয়েছে ‘সংকল্পপত্র’।
এর আগে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে রাজনৈতিক চাপ বাড়িয়েছিল বিজেপি। সেই সময় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন অমিত শাহ। এবার সেই ধারাবাহিকতায় ইস্তেহার প্রকাশ করে আগামী পাঁচ বছরের পরিকল্পনা ও প্রতিশ্রুতির রূপরেখা তুলে ধরল দল। এদিনের ইস্তেহারে বিশেষভাবে মহিলাদের জন্য একাধিক ঘোষণা করলেন অমিত শাহ।

সুরক্ষিত নারী-সুরক্ষিত বাংলা (BJP Sankalp Patra)
মহিলাদের জন্য এক নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে বিজেপি সরকারের একাধিক যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন শাহ। বর্তমান শাসকদলকে কড়া ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীকে কখনও এমন কথা বলতে হবে না যে, মহিলারা কেন রাতে বাইরে বেরিয়েছেন।” নারী সুরক্ষায় রাজ্যে গঠন করা হবে বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। প্রতিটি মণ্ডলে তৈরি হবে একটি করে মহিলা থানা এবং প্রতিটি পুলিশ জেলায় ২৪ ঘণ্টা কর্মরত মহিলা ডেস্ক থাকবে। সন্দেশখালির মতো নারকীয় ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং নির্যাতিতাদের কথা শুনে তাঁদের দ্রুত ন্যায়বিচার দিতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা করবে বিজেপি। পাশাপাশি, মহিলাদের আত্মরক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলা হবে।

আর্থিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতার আশ্বাস (BJP Sankalp Patra)
সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি, রাজ্যের ৭৫ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলা হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত করা হবে। এছাড়াও, মাতৃশক্তির স্বাস্থ্যের কথা মাথায় রেখে গর্ভবতী মহিলাদের এককালীন ২১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যাতায়াতের সুবিধার্থে রাজ্য পরিচালিত বাসে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা এবং ১০০ বিনা শুল্কে, পরিবহণের সুবিধা নিশ্চিত করবে বিজেপি সরকার।
Amit Shah: ছাব্বিশের নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #bjpmanifesto #westbengalelection2026 #westbengalnews #westbengal #westbengalpolitics pic.twitter.com/sJu7mjtSgc
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
সব মিলিয়ে ভয়মুক্ত, সুরক্ষিত ও কর্মমুখী এক নতুন বাংলা গড়ার সুস্পষ্ট দিশা জনসমক্ষে তুলে ধরল বিজেপি। সব শেষে অমিত শাহ বলেন, “সন্দেশখালি, আরজি করের মতো অনেক মহিলার ভয় আছেন।
এই ভয়কে মেটাতে হবে। ভয়হীন সমাজ তৈরি করতে হবে।”

