West Bengal Police
Bengal Liberty, ১৩ মে :
রাজ্যে পালাবদলের পর আইনশৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য পুলিশ (West Bengal Police)। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (আইনশৃঙ্খলা) একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন (West Bengal Police)।

পুরোনো মামলা খতিয়ে দেখার নির্দেশ (West Bengal Police)
নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে, সেগুলিও পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে মামলা পুনরায় খুলে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তা-ই নয়, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগও পুনরায় পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে নতুন মামলা দায়ের করতে হবে বলেও বলা হয়েছে। এই সমস্ত তদন্ত ব্যক্তিগত ভাবে তদারকি করবেন জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা।
অস্ত্র এবং গুলির ভাণ্ডারের শারীরিক যাচাইয়ের নির্দেশ (West Bengal Police)
একই সঙ্গে রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডারের শারীরিক যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ মে-র মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ১৬ মে থেকে পরবর্তী দু’সপ্তাহ ধরে অস্ত্র, গুলি এবং বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচারচক্র এবং গোয়েন্দা তথ্য আদানপ্রদানের উপর জোর দিতে বলা হয়েছে।

বেআইনি একাধিক কাজের বিরুদ্ধ কঠোর ব্যবস্থাপনা (West Bengal Police)
বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খননকার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে বৈধ পশু ব্যবসা এবং খননকার্যে স্থানীয় দুষ্কৃতী বা তোলাবাজদের হস্তক্ষেপ যাতে না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পশুহত্যা নিয়ন্ত্রণ আইন কঠোর ভাবে কার্যকর করার কথাও বলা হয়েছে। ট্র্যাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ।
প্রশাসনিক মহলের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক মামলাগুলি নিয়ে যে সক্রিয় অবস্থান নিয়েছে, এই নির্দেশিকা তারই স্পষ্ট ইঙ্গিত।
