Santanu Sinha Biswas
Bengal liberty desk, 13 মে ,কলকাতা:
টানা ৫ বার কেন্দ্রীয় সংস্থা ইডির তলব এড়িয়ে গা ঢাকা দিলেও শেষ পর্যন্ত পুলিশের জালেই ধরা পড়লেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (Santanu Sinha Biswas)। বুধবার সকালে ঝাড়খণ্ডের একটি গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। বালি পাচার এবং কুখ্যাত ব্যবসায়ী সোনা পাপ্পু সংক্রান্ত তোলাবাজি মামলায় এই গ্রেফতারি রাজ্য প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

যেভাবে চলল চিরুনি তল্লাশি Santanu Sinha Biswas
শান্তনু সিনহা বিশ্বাস নিখোঁজ হওয়ার পর তাঁকে খুঁজে বের করতে নজিরবিহীন তৎপরতা দেখায় প্রশাসন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। এই দলে কলকাতা পুলিশের এসটিএফ , ডিডি সহ বিভিন্ন ইউনিটের দাপুটে অফিসারদের রাখা হয়। মূলত ইডি-কে তদন্তে সহযোগিতা করার জন্যই এই বিশেষ টিম গঠন করা হয়েছিল। গত কয়েকদিন ধরে ভিন রাজ্যে চিরুনি তল্লাশি চালানোর পর অবশেষে ঝাড়খণ্ডে তাঁর হদিশ পায় পুলিশ।

অভিযোগের পাহাড় বনাম পলাতক জীবন:
কালীঘাট থানার প্রাক্তন এই ওসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ। ইডি সূত্রে জানা গেছে,
বালিগঞ্জের ব্যবসায়ী সোনা পাপ্পুর জমি দখল ও তোলাবাজির সিন্ডিকেটের তদন্তে শান্তনুর সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছিল।
শুধু তোলাবাজিই নয়, বালি পাচারের মতো গুরুতর অভিযোগেও নাম জড়িয়েছে তাঁর।
এর আগে ইডি তাঁকে ৫ বার তলব করলেও ‘হাই-প্রোফাইল’ নিরাপত্তার অজুহাত দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন। তাঁর পলায়ন রুখতে কেন্দ্রীয় সংস্থা আগেই লুক আউট নোটিস জারি করেছিল।
তদন্তে নয়া মোড়:
এর আগে শান্তনুর বালিগঞ্জের ফার্ন রোডের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল ইডি। এমনকি তাঁর দুই ছেলেকেও এই মামলায় তলব করা হয়েছিল। বারবার তলব এড়ানোয় ইডি যখন সরাসরি রাজ্যের ‘ডিরেক্টরেট অফ সিকিউরিটি’কে চিঠি দিয়ে তাঁর অবস্থান জানতে চায়, ঠিক তার পরেই পুলিশি অভিযানে এই সাফল্য এল।
এক জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক হয়েও যেভাবে তিনি দিনের পর দিন তদন্ত এড়াতে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন, তাতে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কলকাতা পুলিশের এসটিএফ এবং স্পেশাল টিমের এই ঝটিকা অভিযানে শান্তনুর গ্রেফতারি সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিল। ধৃত পুলিশকর্তাকে আজই কলকাতায় ফিরিয়ে এনে ইডি-র হাতে তুলে দেওয়া হতে পারে বলে খবর।
