Srijato Banerjee
Bengal Liberty, ১৬ মে :
প্রায় আট বছর আগের একটি বিতর্কিত কবিতাকে ঘিরে ফের আইনি জটিলতায় জড়ালেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee )। দীর্ঘদিনের পুরনো মামলায় শনিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। তবে আদালতের অনুমতি ছাড়া কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে(Srijato Banerjee )।

মামলার প্রেক্ষাপট ও ‘অভিশাপ’ বিতর্ক (Srijato Banerjee)
মামলার সূত্রপাত ২০১৯ সালে। অভিযোগকারী আইনজীবী রোমিত শীল কৃষ্ণনগর আদালতে শ্রীজাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ, ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের পর নিজের ফেসবুক পেজে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। অভিযোগকারী পক্ষের দাবি, কবিতার একাধিক অংশে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিশেষ করে শিবলিঙ্গ সংক্রান্ত একটি লাইনকে কেন্দ্র করে আপত্তি ওঠে।

সমন অমান্য করায় গ্রেপ্তারি পরোয়ানা (Srijato Banerjee)
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার পর একাধিকবার সমন পাঠানো হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির হননি কবি। সেই কারণেই গত ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন শ্রীজাত এবং জামিনের আবেদন জানান।

আদালতে সওয়াল-জবাব ও শর্তসাপেক্ষ মুক্তি (Srijato Banerjee)
জামিনের বিরোধিতা করে অভিযোগকারী পক্ষ আদালতে দাবি করে, দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশ অমান্য করেছেন অভিযুক্ত। তাই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। অন্যদিকে, শ্রীজাতের আইনজীবীরা জানান, তিনি আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই আদালতে হাজির হয়েছেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাহিত্য ও রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে, একটি কবিতাকে কেন্দ্র করে দীর্ঘ আইনি প্রক্রিয়া বাক্স্বাধীনতার প্রশ্ন তুলছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় ভাবাবেগে আঘাত গ্রহণযোগ্য নয়। ফলে আগামী দিনে মামলার অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
