Sourav Ganguly biopic
Bengal Liberty, ১৭ মে :
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় বন্দি হতে চলেছে ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী (Sourav Ganguly biopic)। ক্রিকেটের বাইশ গজ থেকে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো সেই সব রোমাঞ্চকর মুহূর্ত এবার ফুটে উঠবে রূপোলি পর্দায়। আর এই মেগা প্রজেক্টকে ঘিরে এবার সামনে এল এক বড় চমক। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে টলিউডের পরিচিত মুখ রাহুল দেব বসুকে।
দাদার চরিত্রে রাহুল দেব বসু Sourav Ganguly biopic
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের উত্থানে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকা অপরিসীম। সিএবি-র বর্তমান সভাপতি তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সৌরভের। সূত্রের খবর, বড় পর্দায় এই গুরুত্বপূর্ণ চরিত্রটি ফুটিয়ে তোলার দায়িত্ব পেয়েছেন অভিনেতা রাহুল দেব বসু। ইতিমধ্যেই তিনি চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। পরিবারের এই আবেগঘন রসায়ন পর্দায় কতটা নিখুঁত হয়, এখন সেটাই দেখার।

পরিচালনা ও নাম
উল্লেখ্য ছবিটির নাম রাখা হয়েছে ‘দাদা’ (Dada)। পরিচালনা করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক লাভ রঞ্জন। যদিও প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে ছবির কাজ যে জোরকদমে এগোচ্ছে তা এখন টিনসেল টাউনের ওপেন সিক্রেট।

সৌরভ হিসেবে রাজকুমার রাও
দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল এই ছবিতে সৌরভের ভূমিকায় থাকবে কে? রণবীর কাপুর থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা । অনেক অভিনেতার নাম শোনা গেলেও শেষমেশ বাজি জিতে নিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। নিজের নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত রাজকুমার ইতিমধ্যেই সৌরভের হাঁটাচলা, কথা বলার ধরণ এবং ক্রিকেটের শরীরী ভাষা আয়ত্ত করতে কঠোর অনুশীলন শুরু করেছেন বলে সূত্রের খবর।
সবমিলিয়ে,সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির আবেগ। রাজকুমার রাও ও রাহুল দেব বসুর হাত ধরে গঙ্গোপাধ্যায় পরিবারের এই গল্প কতটা সার্থকতা পায়, তা সময়ই বলবে।
