Nabanna officers appoint
Bengal Liberty, ১৮ মে :
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে রদবদল জারি রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার নবান্নের নির্দেশে তিন অভিজ্ঞ ডব্লিউবিসিএস (WBCS-Exe) আধিকারিককে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রীর ব্যক্তিগত সচিব (Private Secretary) পদে নিয়োগ করা হলো। পঞ্চায়েত, খাদ্য এবং আদিবাসী কল্যাণ এই তিন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীদের কাজ আরও গতিশীল করতেই এই রুটিন বদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কোন মন্ত্রীর সচিব হলেন কারা? Nabanna officers appoint
নবান্ন থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনজন আধিকারিককে দ্রুত তাঁদের নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। তারা হলেন,
বিশ্বনাথ চৌধুরী: ২০১৩ ব্যাচের এই ডব্লিউবিসিএস আধিকারিক বর্তমানে হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
কৌশিক কুমার মাইতি: ২০১৬ ব্যাচের এই আধিকারিক দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার হিসেবে কাজ করছিলেন। তাঁকে খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষ্ণ চন্দ্র মুন্ডা: ২০১৬ ব্যাচের এই আধিকারিক বাঁকুড়ার খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ব্যক্তিগত সচিব করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর সচিবালয় ও সিএমওতে বড় পরিবর্তন
শুধুমাত্র মন্ত্রীদের ব্যক্তিগত সচিব নয়, খোদ মুখ্যমন্ত্রীর দফতরেও (CMO) একগুচ্ছ পরিবর্তন এনেছেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে ৭ জন সিনিয়র ডব্লিউবিসিএস আধিকারিককে সিএমওতে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে আনা হয়েছে। এর পাশাপাশি দুইজন আইএএস (IAS) আধিকারিককেও যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।
নতুন সরকারের ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা পূরণে এই তরুণ ও অভিজ্ঞ আধিকারিকদের নিয়োগ কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। তবে সচিবালয় থেকে মন্ত্রীদের দফতর সর্বত্রই যে ‘অধিকারী স্পিড’ কাজ করছে, তা এই দ্রুত নিয়োগগুলো থেকেই স্পষ্ট।
