Weather update
Bengal Liberty, ২৭ মে :
প্রখর রোদ, গরম হাওয়া আর অস্বস্তিকর ঘাম, গত কয়েকদিন ধরে কার্যত হাঁসফাঁস অবস্থা বাংলার মানুষের (Weather Update)। সকাল গড়াতেই চড়ছে পারদ, আর দুপুরের পর বাইরে বেরোনোই হয়ে উঠছে দুঃসহ। এই পরিস্থিতিতে সকলের নজর ছিল আকাশের দিকে, কবে নামবে স্বস্তির বৃষ্টি? অবশেষে সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, বুধবার থেকেই বদলাতে শুরু করছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। একই সঙ্গে উত্তরবঙ্গেও জারি হয়েছে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা। ফলে তীব্র গরমের মাঝেই স্বস্তির সম্ভাবনা দেখছেন রাজ্যবাসী (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর আশঙ্কায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মিনি কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমাঞ্চলের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
কলকাতাতেও সকাল থেকেই চড়া গরমে নাজেহাল মানুষ। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিকেল বা সন্ধ্যার দিকে শহর ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি দিতে পারে নাগরিকদের।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গেও বুধবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে সক্রিয় জলীয় বাষ্প প্রবাহ এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরেই এই বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।


