QF1 RCB VS GT IPL 2026
Bengal Liberty, ২৭ মে ২০২৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রথম প্লে-অফে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার দুই সেরা দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস। দুই সেরা দলের ম্যাচ হলেও পুরোপুরি শুভমান গিলের জিটি-কে দূরমুশ করে পরপর দুবার আইপিএলের ফাইনালে প্রবেশ করলো কিং কোহলির আরসিবি। ম্যাচের প্রতিটি বিভাগেই গুজরাটকে পরাজিত করেছে মেন ইন রেড শিবির। শুধুমাত্র টসে জিতেই খুশি হয়েছে গিল। এ ছাড়া পুরো ম্যাচেই ছিল না গুজরাট। এই ম্যাচ হারার ফলে কার্যত প্রতিযোগিতা শেষ গুজরাটের। তবুও শেষ সুযোগ রয়েছে। তবে যেভাবে আজ আরসিবি খেলেছে তাতে একটা কথা স্পষ্ট, আরসিবিকে হারাতে পারে শুধুমাত্র আরসিবিই।

ব্যাটিং আধিপত্য আরসিবির (QF1 RCB VS GT IPL 2026)
ইনিংসের শুরুতেই আউট হয়ে যান ভেঙ্কটেশ আইয়ার। তারপর শুধুমাত্র আরসিবির দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীই চোখে পড়েছে। কিং কোহলির ২৫ বলে ৪৩, দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত ১৯ বলে ৩০, ক্রুনাল পান্ডিয়ার ২৮ বলে ৪৩ রানের সঙ্গে যুক্ত হয়েছে অধিনায়ক রজত পাতিদারের ৩৩ বলে ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। ৫টি বাউন্ডারি, ৯টি ওভার-বাউন্ডারি, স্ট্রাইক রেট – ২৮১.৮২-এর সুবাদে আরসিবি ৫ উইকেটে ২৫৪ রান তুলেছে, যা প্রতিযোগিতার ইতিহাসে প্লে-অফের সর্বাধিক রান। এমনটাই মনে হচ্ছিল ২০ ওভারের খেলা না হলে আজ এই দানবদের থামানো যাবে না। গুজরাটের বোলারদের সঙ্গে অধিনায়ক গিলকেও বেশ অজ্ঞাত লেগেছে।
আরো পড়ুন:- Zee Network Unite8 Sports channel: জল্পনার অবসান!ভারতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার জি নেটওয়ার্কের নতুন চ্যানেলের হাত ধরে!

গুজরাটের ব্যাটিং ভরাডুবি (QF1 RCB VS GT IPL 2026)
ফের বড় ম্যাচে ফ্লপ অধিনায়ক শুভমান গিল তিনি আউট হতেই গুজরাট কার্যত আত্মসমর্পণ করে ফেলেছে। ২৫৫ রানের বিশাল লক্ষ্য মাত্রার সামনের ধারেকাছেও ছিল না জিটি। প্রতি মুহূর্তে উইকেট পড়েছে। কোনো ব্যাটারকে দেখে মনে হয়নি সে আজ ম্যাচ জেতাবে। শুধুমাত্র রাহুল তেওয়াটিয়ার ৬৮ রানের জন্যই ১৬২ অবধি পৌঁছেছে গুজরাট। জ্যাকব ডাফি ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। ৯২ রানের বড় ব্যবধানে রাজকীয় জয় তুলে নিয়ে পঞ্চম বারের জন্য আইপিএলের ফাইনালে প্রবেশ করলো গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এরপরে কে? (QF1 RCB VS GT IPL 2026)
খুব সহজেই আইপিএলের ফাইনালে রাজকীয় এন্ট্রি নিলো কিং কোহলির আরসিবি। তবে ফাইনালে কার মুখোমুখি হবে তারা? আজ এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দরাবাদ। যে জিতবে, সে কোয়ালিফায়ার ২-এ গুজরাটের বিরুদ্ধে খেলতে নামবে। যে হারবে, তার জন্য এবারের মতো আইপিএল শেষ হয়ে যাবে। ২০১৬-র মতো ফের কি বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ, নাকি রাউন্ড ৪-এ আবার মুখোমুখি হবে কিং বনাম প্রিন্স – সেই দিকেই নজর থাকবে সবার।


