Kalighat OC Trasfer
Bengal Liberty, kolkata:
বিধানসভা ভোটের সময় আগ্নেয়াস্ত্র হাতে ছবি প্রকাশ্যে আসায় বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন কালীঘাট থানার ওসি গৌতম দাস (Kalighat OC Transfer)। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। এবার সেই গৌতম দাসকেই সিএমও দফতরে পাঠানোর নির্দেশ জারি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বিতর্ক কাটিয়ে নবান্নে এন্ট্রি
বর্তমানে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত রয়েছেন গৌতম দাস। নির্দেশ অনুযায়ী, তাঁকে ডেপুটেশনে নবান্নে পাঠানো হচ্ছে। প্রশাসনিক মহলে এই বদলি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। কারণ, অতীতে নির্বাচন চলাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং কমিশনের পদক্ষেপ এখনও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার বিষয়। বিধানসভা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র হাতে গৌতম দাসের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে এক পুলিশ আধিকারিকের এ ধরনের ছবি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এরপরই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে এবং পরবর্তীতে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেয়।

এবার সেই আধিকারিককেই মুখ্যমন্ত্রীর দফতরের অধীনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও সরকার বা কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

