Supreme Court on SIR
Bengal Liberty, ২৭ মে :
নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বৈধ বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত (Supreme Court on SIR)। এটি সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা হলেও একে বেআইনি বলা যায় না, জানাল সুপ্রিম কোর্ট। আজ, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, SIR- এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরোধী নয়। তার পাশাপশি নথিপত্র যাচাইয়ের নিয়মও যুক্তিসঙ্গত ও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শুধু তাই নয় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ সংবিধানের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মূল নীতিকেই আরও শক্তিশালী করে। তবে যদি কোনও ব্যক্তির নাম ভুল বশত বাদ পরেও যায় তা হলে সেই ব্যক্তি পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ হবে সেই আবেদন আইন অনুযায়ী খতিয়ে দেখা (Supreme Court on SIR)।

সুপ্রিম কোর্টে একাধিক ধারায় মামলা (Supreme Court on SIR)
২৫ সালে বিহারে নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি হতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত হয়। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একাধিক আবেদনকারী। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়া সংবিধান ও নির্বাচনী আইনের পরিপন্থী এবং এর জেরে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। বিরোধী শিবিরের একাংশের দাবি ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা হতে পারে।

সমস্ত যুক্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court on SIR)
বিরোধীদের যুক্তি খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। আর সেই ব্যবস্থাকে স্বচ্ছ ও শক্তিশালী রাখতে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আদালত তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিস্তৃত ও স্বাধীন ক্ষমতা প্রদান করেছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিগুলিও ভোটার তালিকা সংশোধনের পূর্ণ অধিকার কমিশনের হাতেই ন্যস্ত করেছে। বিচারপতিদের বেঞ্চ আরও জানায়, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল, ভোটার তালিকা থেকে ভুয়ো, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে তালিকাকে আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য করে তোলা। তাই এই উদ্যোগকে অসাংবিধানিক বা আইনবহির্ভূত বলে দাবি করার কোনও বাস্তব ভিত্তি নেই বলেই মত শীর্ষ আদালতের।
উল্লেখ্য, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অভিযানকে ঘিরে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধী দলগুলির একাংশ এই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুললেও নির্বাচন কমিশন বারবার স্পষ্ট করে জানায়, তাদের একমাত্র লক্ষ্য হলো স্বচ্ছ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা। তবে এবার সুপ্রিম কোর্টের রায়ের পর সেই বিতর্কে কার্যত ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


